সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে শুরু হয়েছে মজুরি বোর্ডের তৃতীয় সভা   কৃষকদল নেতা রাজু হত্যা: নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে ২৪৬ জনের বিরুদ্ধে মামলা   আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ   টানা দরপতন কাটিয়ে এবার বড় ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম   নতুন বছরের মধ্যে চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের   স্বাধীন বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্ন অপূর্ণই রয়ে গেল মেজর হাফিজের   হোয়াটসঅ্যাপের যে প্রতারণার ফাঁদে পড়লে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট   
কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে আবারও ঢাকা ছাড়ছেন খলিলুর রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:২৫ এএম   (ভিজিট : ৪০)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রায় আড়াই মাস পর গত সপ্তাহে ঢাকায় ফেরেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দেশে ফেরার পর গত ১৯ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে পাঁচ গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারের সঙ্গে তাঁর পৃথক বৈঠক কূটনৈতিক অঙ্গনে নানা আলোচনার জন্ম দিয়েছে। বৈঠকে অংশ নেন যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিরা।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার বিষয়ে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে ই-মেইল পাঠানোর ঘটনা নিয়ে যখন আলোচনা চলছে, তখন দেশের কয়েকটি জেলায় রাজনৈতিক অস্থিরতাও দেখা দেয়। এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পাঁচ দেশের কূটনীতিকের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিশেষ গুরুত্ব পেয়েছে। এসব সাক্ষাতের পেছনে সম্ভাব্য কারণ ও উদ্দেশ্য নিয়ে কূটনৈতিক মহলসহ সচেতন নাগরিকদের মধ্যে নানা বিশ্লেষণ চলছে।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, খলিলুর রহমান একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। স্বল্প সময়ের জন্য দেশে এসে আবার নিউইয়র্কে ফিরে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে চলমান ও ভবিষ্যৎ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন তিনি। একদিনে পাঁচ দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠক করায় বিষয়টি নিয়ে বাড়তি আলোচনা তৈরি হয়েছে বলে মনে করছেন তাঁরা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৯ নভেম্বর খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউয়িন এবং ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে এসব বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি মন্ত্রণালয়।

এদিকে রোববারও পররাষ্ট্র মন্ত্রণালয়ে খলিলুর রহমানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে এবং রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক এবং জাতিসংঘসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

কূটনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনে আবারও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফিরে যাচ্ছেন খলিলুর রহমান। সোমবার (২৩ নভেম্বর) ঢাকা থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে ইউনেস্কোর সদর দপ্তরে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানবাধিকার’ শীর্ষক একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এরপর নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে তাঁর।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, খলিলুর রহমানের আগামী ২৪ নভেম্বর পর্যন্ত ঢাকায় থাকার পরিকল্পনা ছিল। তবে হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করে এক দিন আগেই দেশ ছাড়ছেন তিনি। এ সময়ের মধ্যে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছেন। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে কূটনৈতিক অঙ্গনে এসব উদ্যোগের প্রভাব দেখা যেতে পারে বলে মনে করছে সূত্রটি।

ঢাকা ছাড়ার আগে রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন খলিলুর রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত শনিবার প্রায় আড়াই মাস পর ঢাকায় ফেরেন খলিলুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্বের দায়িত্ব পালনের জন্য গত ৩১ আগস্ট থেকে তিনি দেশের বাইরে ছিলেন। সেপ্টেম্বরে অধিবেশনের কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেন তিনি। তাঁর সভাপতিত্বেই জাতিসংঘের ৮১তম অধিবেশনে বক্তব্য দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

এরপর নিউইয়র্ক থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১) এ অংশ নেন তিনি।

এ ছাড়া গত ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগসংক্রান্ত মামলায় রায় দেয়। পরদিন শুক্রবার কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরের (ক্যাম্প-৪) ফুটবল মাঠে রোহিঙ্গাদের এক সমাবেশে অংশ নিয়ে বক্তব্য দেন খলিলুর রহমান। সেখানে তিনি বলেন, আইসিজের রায় অনুযায়ী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ঢাকা ছাড়ার আগে গুরুত্বপূর্ণ দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী। চলমান আন্তর্জাতিক পরিস্থিতি এবং ভবিষ্যতে সম্ভাব্য বিভিন্ন ইস্যু নিয়েও মতবিনিময় হয়ে থাকতে পারে।

ওই কর্মকর্তা আরও বলেন, ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর কিংবা শেখ হাসিনাসংক্রান্ত বিষয় আলোচনায় আসতে পারে। তবে প্রধানমন্ত্রীর ভারত সফর এখনই হচ্ছে না বলে ধারণা করা হচ্ছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]