প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:২২ পিএম (ভিজিট : ২৮৯)

সংগৃহীত ছবি
বিশ্বসুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর)। পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানের হোসে মিগুয়েল আগরেলো কলিসিয়ামে বসছে এবারের জমকালো আয়োজন। বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে সর্বোচ্চ ১২০ জন প্রতিযোগী এতে অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি।
প্রথমবারের মতো আন্তর্জাতিক এই মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করছেন মাহি। প্রস্তুতির জন্য খুব বেশি সময় না পেলেও তাঁকে সহযোগিতা করেছেন সাবেক মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা। পোশাক, সাজসজ্জা এবং প্রতিযোগিতার বিভিন্ন পর্বে নিজেকে উপস্থাপনের বিষয়ে পরামর্শ দিয়েছেন তিনি। এবারের প্রতিযোগিতার জন্য প্রায় ৩৫টি পোশাক সঙ্গে নিয়েছেন মাহি।
জাতীয় পোশাক প্রদর্শনীতে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরেছেন এই প্রতিযোগী। ২২ নভেম্বর অনুষ্ঠিত ওই পর্বে লাল-সাদা খাদির শাড়িতে হাজির হন তিনি। ‘মাদারহুড: আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামের পোশাকটির মূল ভাবনা ছিল মাতৃত্ব। মা ও সন্তানের চিরন্তন সম্পর্কের পাশাপাশি মাতৃভূমির প্রতি ভালোবাসার বার্তাও তুলে ধরেছেন তিনি।
কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়ে তৈরি শাড়িটির নকশা করেছেন বিশ্বজিৎ মজুমদার। এর সঙ্গে ছিল বাংলার ঐতিহ্যবাহী গয়না। পোশাকের পেছনে সংযুক্ত বৃত্তাকার শিল্পকর্মে ফুটিয়ে তোলা হয়েছে একজন নারীর শৈশব থেকে মাতৃত্ব এবং বার্ধক্যে পৌঁছানোর গল্প। সব মিলিয়ে পোশাকের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ও নারীর জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন মাহি।
এবারের প্রতিযোগিতায় বিচারকদের মূল্যায়নের পাশাপাশি দর্শকদের ভোটও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভোটের হিসাবে ভালো অবস্থানে রয়েছেন বাংলাদেশের এই প্রতিনিধি। সাপ্তাহিক ভোটে শীর্ষস্থান এবং মোট ভোটের হিসাবে তৃতীয় অবস্থানে ছিলেন তিনি। দর্শকদের ভোটের মাধ্যমে সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে প্রতিযোগীদের।
মিস ইউনিভার্সে বাংলাদেশের অংশগ্রহণ শুরু হয় ২০১৯ সালে। প্রথমবার দেশের প্রতিনিধিত্ব করেন শিরিন আক্তার শিলা। এরপর ২০২৪ সালে অংশ নেন অনিকা আলম। গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো বাংলাদেশকে সেরা ৩০-এ জায়গা করে দেন। এবার সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা সামিরা খান মাহিকে ঘিরে।
পুয়ের্তো রিকোর স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে এবারের গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় ২৫ নভেম্বর সকাল ৭টায় দেখা যাবে চূড়ান্ত পর্ব। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০২৫ সালের বিজয়ী মেক্সিকোর ফাতিমা বশ নতুন বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেবেন।
এবারের আসর উপস্থাপনা করবেন মারিও লোপেজ ও ২০২২ সালের মিস ইউনিভার্স আর’বনি গ্যাব্রিয়েল। প্রতিযোগিতার পর্দার পেছনের বিভিন্ন খবর তুলে ধরবেন ১৯৯৩ সালের মিস ইউনিভার্স ডায়ানারা টরেস ও উপস্থাপক জুরি হল।
মঙ্গলবার পুয়ের্তো রিকোর স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় ২৫ নভেম্বর সকাল ৭টা) শুরু হবে চূড়ান্ত পর্ব। সরাসরি সম্প্রচার করা হবে টেলিমুন্দো ও রিলজ টেলিভিশন চ্যানেলে। অনলাইনে পিকক প্ল্যাটফর্মেও দেখা যাবে প্রতিযোগিতাটি।
এর আগে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে প্রাথমিক প্রতিযোগিতা। এটি সরাসরি সম্প্রচার করা হবে টেলিমুন্দো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।