
সংগৃহীত ছবি
পর্দায় কখনো হাস্যরসাত্মক, আবার কখনো নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা সোহেল খান। তবে বাস্তব জীবনে পারিবারিক সুখ ও মানসিক প্রশান্তিতে কাটত তাঁর সময়। এ কারণে কখনো ঘুমের ওষুধ খাওয়ার প্রয়োজন হয়নি বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় শুটিং করতে গিয়ে এই অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তাঁর সেই পুরোনো সাক্ষাৎকারটি নতুন করে আলোচনায় এসেছে। ২০২২ সালের ৭ জুলাই এনটিভি অনলাইনে প্রকাশিত সাক্ষাৎকারে নিজের ব্যক্তিজীবন, মানসিক প্রশান্তি ও অভিনয়জীবন নিয়ে কথা বলেছিলেন সোহেল খান।
সাক্ষাৎকারে নিজেকে সুখী মানুষ হিসেবে উল্লেখ করে তিনি বলেছিলেন, ‘কখনো ঘুমের ওষুধ খাই না। আমি খুবই সুখী মানুষ।’ স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে সাজানো সংসারে নিজের জীবন নিয়ে কোনো আক্ষেপ নেই বলেও জানিয়েছিলেন তিনি।
অন্যদিকে, পর্দার চরিত্র নিয়ে তাঁর অভিজ্ঞতা ছিল কিছুটা ভিন্ন। সোহেল খানের ভাষ্য অনুযায়ী, চরিত্রের প্রয়োজনে অনেক সময় নেতিবাচক বা খল চরিত্রে অভিনয় করতে হয়েছে তাঁকে। নির্মাতাদের পছন্দের কারণেই এ ধরনের চরিত্রে তাঁকে বেশি দেখা যেত। যদিও বাস্তব জীবনে তাঁর স্বভাব ছিল সম্পূর্ণ আলাদা।
হাস্যরসাত্মক ও নেতিবাচক দুই ধরনের চরিত্রেই সাবলীল অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন দর্শকদের বিনোদন দিয়েছেন এই অভিনেতা।
উল্লেখ্য, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় মৃত্যুবরণ করেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান। ‘নসিব’ সিনেমার শুটিংয়ের কাজে ১৯ নভেম্বর থেকে তিনি সেখানে অবস্থান করছিলেন।
সকালে শুটিংয়ের প্রস্তুতি নেওয়ার সময় হোটেল কক্ষে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে দ্রুত বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। কার্ডিয়াক অ্যারেস্টে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত বাংলালিংকের বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান সোহেল খান। এরপর ‘৪২০’ ধারাবাহিক নাটকসহ অসংখ্য নাটকে অভিনয় করেন তিনি।
বড় পর্দায় তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘দারুচিনি দ্বীপ’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘কমন জেন্ডার’, ‘দেশা: দ্য লিডার’, ‘বীর’, ‘শান’ ও সর্বশেষ ‘জংলি’। তাঁর গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ের রাজাপুরে।