মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: ‘কখনো ঘুমের ওষুধ খাই না, আমি খুব সুখী মানুষ’ : অভিনেতা সোহেল খান   আওয়ামী লীগের পতিত সন্ত্রাসবাদ মোকাবিলা করতে হবে: হাসনাত আব্দুল্লাহ   পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে প্রস্তাব সংশোধন, সিদ্ধান্ত আজ   পেট্রাপোলে আ.লীগের চার নেতার বৈঠক ভয়ংকর নীল নকশার ইঙ্গিত: রিজভী   বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেফতার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী   হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা   একটি সেতুর অভাবে থমকে আছে ৪০ গ্রামের লাখো মানুষের স্বপ্ন!   
হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:১৬ পিএম   (ভিজিট : ২৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান বলে তাঁর এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। তবে শেখ হাসিনার দেশে ফেরা, প্রত্যর্পণ কিংবা কীভাবে তাঁকে বাংলাদেশে আনা হবে—এসব বিষয়ে ভারতের সঙ্গেই আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারের কার্যক্রম তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চান কি না, সে বিষয়ে তাঁর সঙ্গে সরকারের কোনো আলোচনা নেই। বিষয়টি বাংলাদেশের সঙ্গে ভারতের আলোচনার বিষয়।

তিনি বলেন, শেখ হাসিনা শুধু অভিযুক্ত নন, বিচারিক প্রক্রিয়া শেষে দোষী সাব্যস্ত হয়েছেন। তাই তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে কি না, কোন বিমানে আসবেন কিংবা কীভাবে হস্তান্তর করা হবে, এসব বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দুই বছর ধরে ভারতে অবস্থান করা শেখ হাসিনা এবারই প্রথম দেশে ফেরার একটি নির্দিষ্ট তারিখ জানিয়েছেন। তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেছেন, শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান।

মুখপাত্রের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের উড়োজাহাজে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। তাই বিজয় দিবস ১৬ ডিসেম্বর তাঁকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ভারতের আইনি জটিলতার প্রসঙ্গ তুলে জাহেদ উর রহমান বলেন, আগে ভারত আইনি জটিলতার কথা বললেও এখন প্রত্যর্পণে কোনো বাধা থাকার কথা নয়। কারণ, শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে চাইছেন এবং বাংলাদেশও তাঁকে ফেরত চায়।

তিনি বলেন, ভারত যদি তাঁকে প্রত্যর্পণ করে, তাহলে সেটি জোরপূর্বক ফেরত পাঠানোর বিষয় হবে না। শেখ হাসিনা ফিরতে চাইছেন এবং বাংলাদেশ তাঁকে ফেরত চাচ্ছে, দুই পক্ষের অবস্থান একই জায়গায় এসেছে।

সরকার শেখ হাসিনাকে দেশে ফেরাতে আন্তরিক নয়, আওয়ামী লীগের নেতাকর্মীদের এমন প্রচারণার জবাবে উপদেষ্টা বলেন, সরকার আন্তরিক না হলে বারবার প্রত্যর্পণের কথা বলত না। শেখ হাসিনা যদি প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফিরতে না চান, তাহলে তাঁকে সেটি স্পষ্ট করে জানাতে হবে।

তিনি আরও বলেন, তিনি চান ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করুক। শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাঁকে হস্তান্তরের ক্ষেত্রে কোনো বাধা থাকা উচিত নয়।

অনুপ্রবেশ ও গোপালগঞ্জের সহিংসতা

ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা ঠেকানোর বিষয়ে উপদেষ্টা বলেন, প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন অনুসারে সিদ্ধান্ত নেবে।

তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, অনুপ্রবেশের চেষ্টায় জড়িত অপরাধীদের গ্রেপ্তার করা উচিত। এর মাধ্যমে অনেক ক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব।

গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার বিষয়ে জাহেদ উর রহমান বলেন, সেখানে হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, থানায় হামলা ও অন্যান্য ফৌজদারি অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে। তবে পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

তিনি বলেন, গণতান্ত্রিক সরকার হিসেবে পুলিশকে আইন প্রয়োগের ক্ষেত্রে সংযত থাকতে হবে। বল প্রয়োগের প্রয়োজন হলেও তা যেন সামঞ্জস্যপূর্ণ হয়, কোনোভাবেই অসামঞ্জস্যপূর্ণ না হয়।

উপদেষ্টা জানান, গোপালগঞ্জে সহিংসতার মাত্রা অনেক কমে এসেছে। হত্যাকাণ্ড, বাড়িঘরে অগ্নিসংযোগ, থানা ও পুলিশের গাড়িতে হামলাসহ কোনো ফৌজদারি অপরাধই বিচারের বাইরে থাকবে না। তবে এসব পদক্ষেপের সঙ্গে প্রতিহিংসার কোনো সম্পর্ক নেই।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় রাজনৈতিক পরিচয়ের কারণে গোপালগঞ্জে কয়েকটি পরিবারের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এসব ঘটনায় মামলা হয়েছে। তদন্ত ও গ্রেপ্তারের কার্যক্রমও শুরু হয়েছে। সময়ের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

গোপালগঞ্জে সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর মতে, আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষসহ বিভিন্ন ঘটনায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করা এবং প্রয়োজনীয় সেবা পুনরায় চালু করতে সরকার কাজ করছে।

নভেম্বরে ১২১টি ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১০০

সংবাদ সম্মেলনে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির তথ্যও তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা।

তিনি জানান, নভেম্বর মাসে এখন পর্যন্ত সারা দেশে ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময়ে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৯৯টি। এসব ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। ঘটনায় ৬২টি মামলা ও ২৭টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১০০ জনকে।

উপদেষ্টা আরও জানান, আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭২টি ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২২টি মামলা ও পাঁচটি জিডি করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ৬৬ জন।

এ ছাড়া পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ২৮টি এবং পুলিশের স্থাপনা বা গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের চারটি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে চারজনকে।

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৭২টি শাখায় হামলার ঘটনা ঘটেছে। তবে ড. মুহাম্মদ ইউনূসের দাবি, হামলার শিকার শাখার সংখ্যা প্রায় ১০০।

এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের দুটি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুটি মামলা হয়েছে এবং ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইন্দোনেশিয়া থেকে ৪০০ থেকে ৫০০ টন বিস্ফোরক আসার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ বিষয়ে তাঁর কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানার চেষ্টা করা হবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]