প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০৫ পিএম (ভিজিট : ১১২)

সংগৃহীত ছবি
ঢাকা ও রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে অনুভূত এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপাল। এর কম্পন ভারত, ভুটান ও চীনের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ওয়্যারলেস সুপারভাইজার জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৭টা ৩২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৫১৬ কিলোমিটার দূরে।
তিনি জানান, ভূমিকম্পটির মাত্রা তুলনামূলক বেশি হওয়ায় উৎপত্তিস্থল দূরে হলেও ঢাকা ও রংপুরের মতো এলাকায় এর কম্পন অনুভূত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
তবে ভূমিকম্পটির মাত্রা নিয়ে বিভিন্ন সংস্থার তথ্যে কিছুটা পার্থক্য রয়েছে। আবহাওয়া অধিদপ্তর এর মাত্রা ৫ দশমিক ৩ উল্লেখ করলেও নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার জানিয়েছে, এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। নেপালের সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল-তিব্বত সীমান্তের কাছাকাছি তাপ্লেজং জেলার ওলাংচুং গোলা এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি।
অন্যদিকে, ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের (এনসিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ২০ কিলোমিটার গভীরে। এর অবস্থান ছিল ২৭ দশমিক ৮৫৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ৯০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।