প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:২৪ পিএম (ভিজিট : ২২)

সংগৃহীত ছবি
দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা বাংলাদেশের কোনো দূতাবাস বা কূটনৈতিক মিশনে গেলেও তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সাইবার সুরক্ষা আইন নিয়ে কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরার আগ্রহ প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, ‘আসুক না! দেশে ফিরলে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। বাংলাদেশের যেখানেই তিনি যাবেন, এমনকি কোনো মিশনেও গেলে তাকে গ্রেফতার করা হবে।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তির পাসপোর্ট বাতিল করা হয় এবং নতুন করে পাসপোর্ট দেওয়া হয় না। বর্তমান সংবিধানেও এ বিষয়ে বিধান রয়েছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি। অন্য আসামিদের ক্ষেত্রে যে বিধান প্রযোজ্য, তার ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হবে। এ নিয়ে আলোচনা করে সবার সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই।
এদিকে, একই ব্রিফিংয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সাইবার সুরক্ষা আইন নিয়ে সব অংশীজনের সঙ্গে আলোচনা করা হবে এবং তাদের উত্থাপিত আপত্তিগুলো পর্যালোচনা করা হবে।
তিনি বলেন, সাইবার আইনের প্রতিটি বিষয় স্পষ্ট করার চেষ্টা করা হয়েছে, যাতে আইনে কোনো অস্পষ্ট বা দ্ব্যর্থক শব্দের ব্যবহার না থাকে।