প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম (ভিজিট : ২৫)

সংগৃহীত ছবি
নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সদস্য কে.এস.এম. মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর ঢাকা ক্লাবের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির রমনা বিভাগের উপকমিশনার মির্জা তারেক আহমেদ বেগ।
তিনি বলেন, ‘আমাদের কাছে একটি রিকুইজিশন ছিল। সেটির ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’
পুলিশ জানায়, বগুড়ার সোনাতলা উপজেলার বাসিন্দা মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় করা তিনটি মামলা রয়েছে।
ডিবির অভিযোগ, আওয়ামী লীগের চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের পাশাপাশি সাবেক সংসদ সদস্য আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন তিনি।
এ ছাড়া মোস্তাফিজুর রহমান ও তাঁর প্রতিষ্ঠান ‘ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের’ বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিদেশে ঘোষণাবহির্ভূত সম্পদ অর্জন, অর্থ পাচার এবং চীন থেকে অবৈধ অর্থায়ন গ্রহণের অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।