প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১:০৩ পিএম (ভিজিট : ৪৮)

সংগৃহীত ছবি
ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে চার বছর মেয়াদি সমন্বিত সংস্কার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ পরিকল্পনার আওতায় দুর্বল ব্যাংকগুলোর সম্পদের মান যাচাই, পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং খেলাপি ঋণ আদায়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংকিং খাতের প্রকৃত দুর্বলতা চিহ্নিত করতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সম্পদের গুণগত মান যাচাই করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একশ্রেণির অসাধু ব্যবসায়ী বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে ঋণ নিয়ে তা পরিশোধ না করে অর্থ পাচার করেছেন। এসব ঋণের বড় অংশই বর্তমানে খেলাপিতে পরিণত হয়েছে। গত সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে প্রায় ৩৪ শতাংশে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বিগত সময়ে ব্যাংকগুলোর অনেক অনিয়ম ও আর্থিক দুর্বলতার তথ্য আড়াল করা হয়েছিল। তবে ২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর ব্যাংকিং খাতে ফরেনসিক অডিটের উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে খেলাপি ঋণসহ বিভিন্ন আর্থিক অনিয়মের প্রকৃত চিত্র সামনে আসে।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, ব্যাংকিং খাতে বিপুল পরিমাণ খেলাপি ঋণ ও মূলধন ঘাটতির পেছনে বিগত আওয়ামী লীগ সরকারের আমলের অনিয়ম ও দুর্নীতি বড় ভূমিকা রেখেছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘কার্পেটের নিচে থাকা ময়লা উন্মুক্ত হয়েছে। সে কারণেই ব্যাংকিং খাতের অনেক নেতিবাচক চিত্র আমাদের সামনে এসেছে। বিগত সময়ের কর্মকাণ্ডের ফলাফল হিসেবে শ্রেণিকৃত ঋণ ও মূলধন ঘাটতির মতো পরিস্থিতি তৈরি হয়েছে।’
তিনি জানান, নানা অনিয়মের কারণে ব্যাংকিং খাতে যে ক্ষত তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে প্রায় চার বছর সময় লাগতে পারে। তবে আগামী ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের পরিমাণ কমবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।
আমানতকারীদের উদ্দেশে আরিফ হোসেন খান বলেন, কোনো বিভ্রান্তিকর অপতথ্যে প্রভাবিত হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। ভবিষ্যতে দেশের ব্যাংকিং খাত আরও শক্তিশালী হবে এবং একটি শক্তিশালী অর্থনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ লক্ষ্যেই বাংলাদেশ ব্যাংক নিরলসভাবে কাজ করছে।
এদিকে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ব্যাংকিং খাতের ওপর আমানতকারীদের আস্থা বজায় রাখার আহ্বান জানিয়েছে সংস্থাটি।