প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:২৫ পিএম (ভিজিট : ১৪০)

সংগৃহীত ছবি
আর্থিক খাতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি আমানতকারীদের স্বার্থ রক্ষায় পদ্মা ব্যাংককে বিশেষ ব্যবস্থার (রেজল্যুশন) আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির আর্থিক সংকট মোকাবিলা এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্ট এ বিষয়ে একটি সার্কুলার জারি করে।
সার্কুলারে বলা হয়েছে, আর্থিক খাতে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করা, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৬-এর ক্ষমতাবলে পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।
এ প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যাংকটির আর্থিক সংকট মোকাবিলা ও আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় অধ্যাদেশে প্রদত্ত ক্ষমতা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে বাংলাদেশ ব্যাংক।
২০১২ সালে আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের নেতৃত্বে ফারমার্স ব্যাংক প্রতিষ্ঠিত হয়। যাত্রার শুরু থেকেই ব্যাংকটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। আর্থিক সংকট ও গ্রাহকদের আস্থাহীনতার কারণে ২০১৭ সালে ব্যাংকটির প্রভাবশালী উদ্যোক্তাদের পদ ছাড়তে হয়। পরে ব্যাংকটিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগের অংশ হিসেবে এর নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক রাখা হয়।
বর্তমানে ব্যাংকটির মূলধন ঋণাত্মক অবস্থায় রয়েছে। মোট ঋণের ৯২ শতাংশই খেলাপি। পাশাপাশি সুদ আয় ঋণাত্মক এবং তারল্য পরিস্থিতিও সংকটাপন্ন।