
সংগৃহীত ছবি
কানাডায় বসবাসরত বিদেশি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে প্রদেশগুলোকে অতিরিক্ত অভিবাসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এ উদ্যোগের আওতায় ২০২৭ সালে সর্বোচ্চ ১ লাখ বিদেশি কর্মী ও তাদের পরিবারের সদস্য স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পেতে পারেন।
গত ১২ নভেম্বর কানাডার অভিবাসনমন্ত্রী লেনা মেটলেজ ডায়াব এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান। ২০২৬ সালের বাজেটে ঘোষিত সাময়িক অভিবাসন উদ্যোগের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অভিবাসনবিষয়ক ওয়েবসাইট ইমিগ্রেশন ডট সিএ।
নতুন উদ্যোগের আওতায় প্রাদেশিক মনোনয়ন কর্মসূচি (পিএনপি) ব্যবহার করে প্রদেশ ও অঞ্চলগুলোকে অতিরিক্ত অভিবাসন বরাদ্দ দেওয়া হবে। এর মাধ্যমে কানাডায় আগে থেকেই বসবাস ও কর্মরত বিদেশি কর্মীদের স্থায়ীভাবে ধরে রাখার পরিকল্পনা করছে সরকার।
তবে অতিরিক্ত বরাদ্দের কতটা ব্যবহার করা হবে, তা সংশ্লিষ্ট প্রদেশ ও অঞ্চলগুলো নিজেদের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী নির্ধারণ করবে। ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে এ বরাদ্দ ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
নতুন উদ্যোগটি মূলত কানাডায় বসবাসরত এবং দেশটির অর্থনীতিতে অবদান রাখা বিদেশি কর্মীদের জন্য। কোনো প্রদেশ বা অঞ্চলে দীর্ঘদিন ধরে বসবাস করছেন, স্থানীয় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কাজ করছেন এবং প্রাদেশিক মনোনয়ন কিংবা অন্য কোনো স্থায়ী বসবাস কর্মসূচির শর্ত পূরণ করতে পারবেন, এমন কর্মীরা এ সুযোগের সম্ভাব্য সুবিধাভোগী।
তাদের যোগ্য পরিবারের সদস্যরাও এ উদ্যোগের আওতায় আসতে পারবেন। তবে শুধু কানাডায় চাকরি করলেই স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী বসবাসের যোগ্যতা পাওয়া যাবে না। এ বিষয়ে এখনো সবার জন্য প্রযোজ্য কোনো নির্দিষ্ট যোগ্যতার তালিকা প্রকাশ করেনি দেশটির সরকার।
এ উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো ২০২৭ সালের ৩১ মার্চের সময়সীমা। কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) জানিয়েছে, এ সময়ের মধ্যে প্রদেশ ও অঞ্চলগুলোকে অতিরিক্ত অভিবাসন বরাদ্দ ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।
তবে এটি বিদেশি কর্মীদের স্থায়ী বসবাসের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নয়। কারণ, প্রদেশভেদে অভিবাসন কর্মসূচির আবেদনপ্রক্রিয়া, যোগ্যতা ও মনোনয়ন পদ্ধতি আলাদা। কোনো প্রদেশে আগ্রহপত্রের মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়, আবার কোথাও নিয়োগকর্তার সহায়তায় আবেদন নেওয়া হয়।
এ কারণে আগ্রহী কর্মীদের নিজ নিজ প্রদেশের অভিবাসনবিষয়ক ঘোষণা ও নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
নতুন উদ্যোগের আওতায় শুধু নতুন করে প্রাদেশিক মনোনয়ন পেতে আগ্রহী কর্মীরাই নন, স্থায়ী বসবাসের জন্য আগে আবেদন করে অপেক্ষায় থাকা কিছু কর্মীও সুবিধা পেতে পারেন।
এ ক্ষেত্রে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, স্টার্ট-আপ ভিসা, স্বনিয়োজিত ব্যক্তিদের অভিবাসন কর্মসূচি, কৃষি-খাদ্য পাইলট এবং হোম কেয়ার কর্মী অভিবাসন কর্মসূচির আবেদনকারীদের বিবেচনায় নেওয়া হতে পারে।
এসব কর্মসূচির কয়েকটির নতুন আবেদন গ্রহণ বন্ধ রয়েছে। তবে অতিরিক্ত বরাদ্দের কারণে সেগুলো পুনরায় চালু করা হচ্ছে না। বরং আগে থেকেই আবেদন করেছেন, এমন যোগ্য ব্যক্তিদের স্থায়ী বসবাসের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।
নতুন উদ্যোগের মূল উদ্দেশ্য হলো আঞ্চলিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিদেশি কর্মীদের ধরে রাখা। স্থানীয় অর্থনীতিতে অবদান রাখা অভিজ্ঞ কর্মীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে চায় কানাডা সরকার।
২০২৭-২০২৯ সালের অভিবাসন পরিকল্পনায় নিয়মিত প্রাদেশিক মনোনয়ন কর্মসূচির আওতায় বার্ষিক অভিবাসন লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৯৫ হাজার করা হয়েছে। আগের পরিকল্পনায় ২০২৭ সালের জন্য এ লক্ষ্যমাত্রা ছিল ৯২ হাজার ৫০০।
নতুন সাময়িক উদ্যোগের অতিরিক্ত বরাদ্দ নিয়মিত অভিবাসন লক্ষ্যমাত্রার বাইরে যুক্ত হবে।
সরকারের মতে, কানাডায় আগে থেকেই বসবাসরত কর্মীদের স্থায়ী হওয়ার সুযোগ দেওয়া হলে নিয়োগকর্তারা অভিজ্ঞ কর্মীদের ধরে রাখতে পারবেন। পাশাপাশি বিদেশ থেকে নতুন করে সমসংখ্যক মানুষ আনার তুলনায় আবাসন ও অবকাঠামোর ওপর তাৎক্ষণিক চাপও কম পড়তে পারে।
কানাডায় সর্বোচ্চ ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বিদেশি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের জন্য সর্বোচ্চ ১ লাখ জনের সুযোগ রাখা হয়েছে।
এ ছাড়া হংকংয়ের স্থায়ী বসবাস কর্মসূচির আওতায় সর্বোচ্চ ৩২ হাজার, ইউক্রেন পরিবার পুনর্মিলন কর্মসূচিতে ১৮ হাজার ৮০০, মানবিক ও সহানুভূতিশীল বিবেচনায় যোগ্য আবেদনকারীদের মধ্যে ১২ হাজার ৬০০ এবং কানাডার নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের সঙ্গে দেশটিতে বসবাসরত স্বামী-স্ত্রী, সঙ্গী ও নির্ভরশীল সন্তানদের মধ্যে ৪৫ হাজার জনকে এ উদ্যোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।