প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:৩৮ পিএম (ভিজিট : ৮৫)

সংগৃহীত ছবি
টিটন হত্যা মামলায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলামের দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২৮ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ডে সুইডেন আসলামকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রিমান্ড আবেদনে পুলিশ জানায়, প্রথম দফার জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন সময়ে অসংগতিপূর্ণ বক্তব্য দিয়েছেন। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ব্যক্তিদের অবস্থান সম্পর্কেও সন্তোষজনক তথ্য দিতে পারেননি।
এ ছাড়া জিজ্ঞাসাবাদে পাওয়া একটি মোবাইল ফোন নম্বরসহ বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করছে তদন্তকারী সংস্থা। হত্যাকাণ্ডের পরিকল্পনা, ইন্ধনদাতা, ব্যবহৃত অস্ত্রের উৎস এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে আসামিকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় টিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন।
গত ২২ নভেম্বর রোববার দিবাগত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করার সময় সুইডেন আসলামকে গ্রেপ্তার করে পুলিশ।