প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৬:১৫ পিএম (ভিজিট : ৯৪)

সংগৃহীত ছবি
যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা আগামী অর্থবছর শেষে নিরসন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। এ লক্ষ্যে চলমান নদী খনন প্রকল্পের পাশাপাশি নতুন করে খাল ও নদী খননের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) যশোরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রী।
‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক ৩০০ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্প নিয়ে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পানিসম্পদমন্ত্রী জানান, জলাবদ্ধতা নিরসনে ৮১ কিলোমিটার নদী খননের চলমান প্রকল্পটি আগামী জুন নাগাদ শেষ হবে। পাশাপাশি আমডাঙ্গায় নতুন করে খাল খনন এবং শিবসা নদীর পানিপ্রবাহ সচল রেখে আরও প্রায় ৯০ কিলোমিটার নদী খননের পরিকল্পনা রয়েছে। চলতি ও আগামী অর্থবছরের মধ্যে এসব কাজ সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে।
তিনি বলেন, ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিয়ে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য ও সমস্যাগুলো শুনে বিস্তারিত আলোচনা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রণালয়ের খাল খনন কর্মসূচি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির অংশ।
মন্ত্রী আরও জানান, চলমান ৮১ কিলোমিটার নদী খননের পাশাপাশি অতিরিক্ত ৪৫ কিলোমিটার খননকাজ গত অর্থবছরে দৃশ্যমান হয়েছে। এসব উদ্যোগে এলাকার মানুষ কিছুটা সুবিধা পেয়েছেন। প্রধানমন্ত্রীও বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
পরিকল্পিত কাজগুলো যথাযথভাবে সম্পন্ন হলে ভবদহ ও আশপাশের এলাকার বাসিন্দারা দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেন পানিসম্পদমন্ত্রী।