রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিক   সহিংসতা ও নাশকতা প্রতিরোধে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার   জমকালো আয়োজনে উন্মোচন হলো এবিজি মিডিয়া কাপের ট্রফি   তারেক রহমানের নেতৃত্বে দেশি-বিদেশি ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: সাইফুল আলম নীরব   আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা দূর হবে: পানিসম্পদমন্ত্রী   টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ফের ৫ দিনের রিমান্ড   হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৫ জন   
দীর্ঘ জল্পনার অবসান, তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে চুক্তি সোমবার
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:৫২ পিএম   (ভিজিট : ৪৭)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘদিনের জল্পনা ও আলোচনা শেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি চূড়ান্ত হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও জাপানি কনসোর্টিয়ামের মধ্যে আগামী সোমবার (৩০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হবে। বহুল প্রতীক্ষিত টার্মিনালটি আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

দীর্ঘ আলোচনা ও দরকষাকষির পর টার্মিনালটি চালুর পথে বড় বাধা কেটে গেছে। বেবিচক, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাপানি কনসোর্টিয়ামের মধ্যে সমঝোতা হওয়ায় চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বেবিচক সূত্রে জানা গেছে, আগামী রোববার (২৯ নভেম্বর) বেবিচক সদর দপ্তরের অডিটোরিয়ামে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তি স্বাক্ষরের বিভিন্ন দিক তুলে ধরা হবে। পরদিন সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর একটি হোটেলে জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে বেবিচকের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

এর আগে গত ১০ নভেম্বর বেবিচকের ৩২১তম বোর্ড সভায় জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তগুলো পর্যালোচনা করে অনুমোদন দেওয়া হয়।

তবে চুক্তির কয়েকটি শর্ত নিয়ে এর আগে বিভিন্ন পর্যায়ে আপত্তি ও বিতর্ক তৈরি হয়েছিল। বিশেষ করে তৃতীয় টার্মিনাল চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ রাখা এবং আগামী ১৫ বছর ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে নতুন কোনো বেসামরিক বিমানবন্দর চালু না করার শর্ত নিয়ে প্রশ্ন ওঠে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও এসব শর্ত নিয়ে সমালোচনা হয়। কমিটির সদস্যরা প্রশ্ন তোলেন, হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রথম ও দ্বিতীয় টার্মিনালের কার্যক্রম বন্ধ রাখা হলে সেসব অবকাঠামো ও সক্ষমতা কীভাবে কাজে লাগানো হবে। বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে একাধিক অপারেটরের মাধ্যমে পৃথক টার্মিনাল পরিচালনার নজিরও আলোচনায় তুলে ধরা হয়। এতে রাষ্ট্রীয় বিনিয়োগে নির্মিত অবকাঠামোর যথাযথ ব্যবহার নিশ্চিত করা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

চুক্তির আর্থিক কাঠামো নিয়েও আগে বিতর্ক দেখা দেয়। প্রাথমিক সমঝোতা অনুযায়ী, বাংলাদেশের রাজস্ব পাওয়ার কথা ২৭ শতাংশ। তবে আংশিক কার্যক্রম (ওপিসিডি) থেকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক পরিচালনায় (সিএমডি) যাওয়ার অন্তর্বর্তী সময়ে জাপানি অপারেটরকে ১৩ দশমিক ৫ শতাংশ বিশেষ ছাড় দেওয়ার শর্ত নিয়ে আপত্তি ওঠে। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রম এবং গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার মাশুল ও অর্থ পরিশোধের শর্ত নিয়েও আলোচনা হয়।

জানা গেছে, তৃতীয় টার্মিনাল নির্মাণে প্রথমে ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা। পরবর্তী সময়ে প্রকল্প সংশোধন ও অতিরিক্ত কাজ যুক্ত হওয়ায় ব্যয় বেড়ে প্রায় ২২ হাজার কোটি টাকায় দাঁড়ায়। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়। কাজের ৯৯ শতাংশের বেশি শেষ হওয়ার পর ২০২৩ সালের অক্টোবরে টার্মিনালটির সফট উদ্বোধন করা হয়। কিন্তু পরিচালনা ও ব্যবস্থাপনা নিয়ে জাপানের সঙ্গে আলোচনা চূড়ান্ত না হওয়ায় দুই বছরের বেশি সময় ধরে এটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি।

বহুল আলোচিত তৃতীয় টার্মিনাল ভবনের আয়তন প্রায় ২ লাখ ৩০ হাজার বর্গমিটার। বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে বছরে প্রায় ৮০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। তৃতীয় টার্মিনাল যুক্ত হলে বিমানবন্দরের বার্ষিক যাত্রী ধারণক্ষমতা বেড়ে প্রায় ২ কোটি হবে।

নতুন টার্মিনালে একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ পার্কিংয়ের সুবিধা থাকবে। এ ছাড়া ১৬টি নিয়মিত ব্যাগেজ বেল্টসহ থাকছে অত্যাধুনিক নানা সুযোগ-সুবিধা। দীর্ঘ পথ হাঁটতে অসুবিধা হয় এমন যাত্রীদের জন্য স্থাপন করা হয়েছে বিশেষ ধরনের স্ট্রেইট এক্সেলেটর। সিঙ্গাপুর ও ব্যাংককের মতো উন্নত বিমানবন্দরেও এ ধরনের ব্যবস্থা রয়েছে।

যাত্রীদের ব্যাগেজ ব্যবস্থাপনায় সিঙ্গাপুরের চাঙ্গি ও ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরের আদলে তিনটি পৃথক স্টোরেজ এলাকা রাখা হয়েছে। এগুলো হলো নিয়মিত ব্যাগেজ স্টোরেজ, হারানো ব্যাগেজের জন্য লস্ট অ্যান্ড ফাউন্ড এবং অতিরিক্ত আকারের ব্যাগেজ সংরক্ষণের ব্যবস্থা। স্বাভাবিক ব্যাগেজের জন্য থাকবে ১৬টি বেল্ট। এ ছাড়া অতিরিক্ত ওজন বা আকারের ব্যাগেজের জন্য রয়েছে আরও চারটি পৃথক বেল্ট।

টার্মিনালের প্রতিটি ওয়াশরুমের সামনে থাকবে বেবি কেয়ার লাউঞ্জ। এসব লাউঞ্জে মায়েদের জন্য ব্রেস্টফিডিং বুথ, ডায়াপার পরিবর্তনের জায়গা এবং পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য প্রশস্ত বাথরুমের ব্যবস্থা রাখা হয়েছে। শিশুদের জন্য রয়েছে স্লিপার, দোলনা ও খেলার আলাদা জায়গা।

এ ছাড়া যাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নির্মাণ করা হয়েছে হেলথ ইন্সপেকশন রুম, প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এইড রুম, বিভিন্ন রোগ পরীক্ষার কেন্দ্র এবং আইসোলেশন এলাকা।

নতুন টার্মিনালে থাকছে ১০টি স্বয়ংক্রিয় সেলফ চেক-ইন কিয়স্ক। এসব মেশিনে পাসপোর্ট ও টিকিটের তথ্য দিলে স্বয়ংক্রিয়ভাবে বোর্ডিং পাস ও আসন নম্বর পাওয়া যাবে। এরপর নির্ধারিত স্থানে ব্যাগেজ জমা দিলে তা স্বয়ংক্রিয় ব্যবস্থায় উড়োজাহাজের নির্ধারিত স্থানে পৌঁছে যাবে।

এ ছাড়া যাত্রীদের জন্য থাকবে ১০০টি চেক-ইন কাউন্টার। নির্ধারিত ৩০ কেজির বেশি ওজনের ব্যাগেজ নিয়ে এসব ব্যবস্থায় চেক-ইন করা যাবে না। অবসর সময়ে যাত্রীদের বিনোদনের জন্য মুভি লাউঞ্জ ও এয়ারলাইনস লাউঞ্জ তৈরির কাজও চলছে। এসব দুটি লাউঞ্জ ছাড়া টার্মিনালের অন্যান্য স্থাপনা ইতোমধ্যে স্থাপন করা হয়েছে।

নতুন টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসেবা ও পরিচালন সক্ষমতায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]