রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিক   সহিংসতা ও নাশকতা প্রতিরোধে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার   জমকালো আয়োজনে উন্মোচন হলো এবিজি মিডিয়া কাপের ট্রফি   তারেক রহমানের নেতৃত্বে দেশি-বিদেশি ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: সাইফুল আলম নীরব   আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা দূর হবে: পানিসম্পদমন্ত্রী   টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ফের ৫ দিনের রিমান্ড   হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৫ জন   
পাঠ্যবই ছাপায় ৭০০ কোটি টাকার অনিয়মের অভিযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ২:০২ পিএম   (ভিজিট : ১২৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণের কাজ প্রায় শেষ পর্যায়ে। নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে প্রস্তুতি নিচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। তবে বই ছাপার দরপত্র, অতিরিক্ত ব্যয়, কথিত সিন্ডিকেট ও মুদ্রণের মান নিয়ে বিতর্ক থামেনি। বঞ্চিত কয়েকজন প্রেস মালিকের অভিযোগ, শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় এনসিটিবির দরপত্র প্রক্রিয়ায় প্রায় ৭০০ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতি হয়েছে।

বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে উত্থাপনের পর ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ইতোমধ্যে কমিটির প্রতিবেদনও জমা পড়েছে।

অভিযোগকারীদের দাবি, দরপত্রের প্রাক্কলিত মূল্য ফাঁস, পরবর্তী সময়ে দর বৃদ্ধি এবং কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে যোগসাজশের মাধ্যমে কাজ বণ্টনে অনিয়ম হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে এনসিটিবি। সংস্থাটির দাবি, পুরো দরপত্র প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হয়েছে এবং এতে অনিয়মের কোনো সুযোগ নেই।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা বলেন, বর্তমানে দরপত্রসহ সব কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হয়। ফলে অনিয়মের সুযোগ নেই। কারও অনুরোধ রক্ষা না করায় ক্ষুব্ধ হয়ে কেউ কেউ ভিত্তিহীন অভিযোগ করতে পারেন।

সংস্থাটির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মোহাম্মদ আবু নাসের টুকু বলেন, সংসদীয় স্থায়ী কমিটিতে অভিযোগ উত্থাপিত হয়েছে। তারা তদন্ত করে দেখুক কোনো দুর্নীতি বা অনিয়ম হয়েছে কি না। সদস্য সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌসও দাবি করেন, কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি হয়নি; শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করেই সব কাজ করা হয়েছে।

বঞ্চিত প্রেস মালিকদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিকের বই ছাপার ক্ষেত্রে ফর্মাপ্রতি গড় কার্যাদেশের মূল্য ছিল ২ টাকা ৩১ পয়সা। ২০২৭ শিক্ষাবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৩২ পয়সায়। তাদের হিসাবে, এই বৃদ্ধি প্রায় ৪৪ শতাংশ। এতে অতিরিক্ত ব্যয়ের পরিমাণ প্রায় ২৫২ কোটি টাকা। তবে সামগ্রিকভাবে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের অঙ্ক প্রায় ৭০০ কোটি টাকা বলে দাবি তাদের।

সিফাত প্রেস অ্যান্ড পাবলিকেশনের স্বত্বাধিকারী মামুন সরকার অভিযোগ করেন, এনসিটিবির শীর্ষ কর্মকর্তা ও কয়েকজন প্রেস মালিকের যোগসাজশে এবার প্রায় ৭০০ কোটি টাকার অনিয়ম হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে অভিযোগ করা হয়েছে। সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যাকে প্রধান করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মামুন সরকারের আরও অভিযোগ, গত ১৭ বছর ধরে যারা পাঠ্যবই ছাপার কাজ করে আসছেন, তাদের অনেকেই এবারও কাজ পেয়েছেন। অন্যদিকে রাজনৈতিক পরিচয়ের কারণে তার মতো অন্তত ১৫ জন প্রেস মালিককে কাজ দেওয়া হয়নি।

অভিযোগকারীদের আবেদনে বলা হয়েছে, দরপত্র প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় প্রাক্কলিত দর বাড়ানো হয়েছে। তাদের দাবি, ৭ জুন দরপত্র আহ্বানের পর ২১ জুন মূল্য বাড়ানো হয়। ষষ্ঠ-সপ্তম এবং অষ্টম-নবম ও দশম শ্রেণির দরপত্র একই দিনে খোলার ফলে দরদাতাদের মধ্যে সমঝোতার সুযোগ তৈরি হয়েছে। এ ছাড়া দৈনিক মুদ্রণক্ষমতা ৬০০ রিম থেকে বাড়িয়ে ৭০০ রিম নির্ধারণ এবং কাজ শেষ করার জন্য ৭০ দিন সময় দেওয়ার বিষয়েও আপত্তি জানিয়েছেন তারা।

পুনঃদরপত্রে অষ্টম ও নবম-দশম শ্রেণির প্রতিটি লটে সর্বনিম্ন দর ছিল ফর্মাপ্রতি ২ টাকা ৬০ পয়সা। অথচ দাপ্তরিক প্রাক্কলিত দর ছিল ৩ টাকা ৪৬ পয়সা। একইভাবে ষষ্ঠ-সপ্তম শ্রেণির ক্ষেত্রে সর্বনিম্ন দর ছিল ২ টাকা ৮০ পয়সা, যেখানে প্রাক্কলিত দর ছিল ৩ টাকা ৩২ পয়সা।

অভিযোগকারীদের মতে, কার্যকর প্রতিযোগিতা না থাকলে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) ২০২৫-এর বিধি ৪৪(২)(খ) অনুযায়ী দরপত্র বাতিল করে নতুন করে দরপত্র আহ্বান করার সুযোগ ছিল।

তাদের আরও দাবি, সিন্ডিকেটের বাইরে থাকা ১০ থেকে ১৫টি প্রতিষ্ঠান বিভিন্ন লটে সর্বনিম্ন দরদাতা হওয়া সত্ত্বেও কাজ পায়নি। কয়েকটি মুদ্রণ প্রতিষ্ঠানের মালিক এবং মুদ্রণ শিল্প সমিতির নেতাদের বিরুদ্ধেও যোগসাজশের অভিযোগ তুলেছেন তারা। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

এর আগে গত ৬ অক্টোবর রাজধানীর মতিঝিলে এনসিটিবির কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ ছিল, এনসিটিবির নির্ধারিত প্রাক্কলিত দর কিছু ঠিকাদারের কাছে আগেই ফাঁস করা হয়েছিল। পরে যোগসাজশের মাধ্যমে দর বাড়ানো হয়।

অভিযানকালে প্রাথমিক প্রাক্কলনের কপি, দাপ্তরিক মূল্যতালিকা এবং ৪২৩তম বোর্ডসভার কার্যবিবরণীসহ বিভিন্ন নথি সংগ্রহ করে দুদক। সংস্থাটি জানিয়েছিল, সংগৃহীত নথি পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, অভিযান-পরবর্তী সময়ে এ ঘটনায় মামলা বা অভিযোগপত্র দাখিলের কোনো তথ্য পাওয়া যায়নি।

গত ৮ নভেম্বর জাতীয় সংসদ ভবনে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এনসিটিবির বিরুদ্ধে ৭০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়। পরে সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যার নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

এ ছাড়া কমিটির দ্বিতীয় বৈঠকের কার্যবিবরণীতে মুদ্রণ শিল্প সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের রাজনৈতিক পরিচয় এবং তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সদস্যদের প্রশ্ন তোলার বিষয়টি উঠে এসেছে। এ বিষয়ে ব্যাখ্যাও চেয়েছে সংসদীয় কমিটি।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান প্রাক্কলিত দর প্রেস মালিকদের কাছে পৌঁছানোর অভিযোগকে বড় ধরনের প্রাতিষ্ঠানিক দুর্বলতা হিসেবে দেখেছেন। কীভাবে গুরুত্বপূর্ণ তথ্য বাইরে গেল, তা অনুসন্ধান করে জড়িতদের চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সাবেক সভাপতি তোফায়েল খানও দরপত্র প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহির অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার অভিযোগ, সক্ষমতার বাইরে থাকা কিছু প্রতিষ্ঠানকে কাজ দেওয়ায় নিম্নমানের বই ছাপার আশঙ্কা তৈরি হয়েছে। বড় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

বিতর্কের মধ্যেই এগিয়ে চলছে ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই মুদ্রণ কার্যক্রম। এনসিটিবির ২৬ নভেম্বর পর্যন্ত দেওয়া তথ্য অনুযায়ী, প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বইয়ের ৯৯ দশমিক ১৯ শতাংশ মুদ্রণ শেষ হয়েছে। অন্যদিকে ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল, ভোকেশনাল ও কারিগরি স্তরের বই মুদ্রণের অগ্রগতি ৮৯ দশমিক ১৮ শতাংশ।

এবার সব মিলিয়ে প্রায় ৩১ কোটি বই ছাপানো হচ্ছে। ইতোমধ্যে ৪১টি প্রতিষ্ঠান তাদের মুদ্রণকাজ শেষ করেছে।

প্রাক-প্রাথমিকের ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০টি বইয়ের মুদ্রণ শতভাগ সম্পন্ন হয়েছে। প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণির সাত কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬টি বইয়ের মধ্যে ৯৭ দশমিক ২৮ শতাংশ এবং ইবতেদায়ির চার কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪টি বইয়ের ৯৪ দশমিক ১২ শতাংশের প্রাক-সরবরাহ পরিদর্শন (পিডিআই) সম্পন্ন হয়েছে।

এনসিটিবির সদস্য সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বই উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। তবে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন চারটি বিষয়ের এক কোটি ৫৬ লাখের বেশি কপি বইয়ের মুদ্রণ ও বাঁধাইয়ের কাজ ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

বই বিতরণের সম্ভাব্য সময় সম্পর্কে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ফখরুল মাওলা বলেন, স্কুলগুলোর বার্ষিক পরীক্ষার ফল ২৪ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে। ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে যেকোনো একদিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তবে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের পর বিতরণের তারিখ ঘোষণা করা হবে।

তিনি জানান, এবার আগের মতো অল্প কিছু বই বা নমুনা বই দেখিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চায় না এনসিটিবি। শতভাগ বই প্রস্তুত ও সরবরাহ নিশ্চিত করেই বিতরণ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। বইয়ের কাগজ, ছাপা, বাঁধাই ও গুণগত মান যাচাই করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এবার বই উৎসবের পরিবর্তে শুধু মোড়ক উন্মোচনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

সব মিলিয়ে একদিকে পাঠ্যবই মুদ্রণের অগ্রগতি ও নির্ধারিত সময়ে বিতরণের প্রস্তুতি, অন্যদিকে দরপত্রে অনিয়ম, বাড়তি ব্যয় এবং বইয়ের গুণগত মান নিয়ে প্রশ্ন- দুই বিষয়ই আলোচনায় রয়েছে। এসব অভিযোগের প্রকৃত চিত্র জানতে তদন্তের ফল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সেলিম ভূঁইয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে একই কমিটির সদস্য সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ জানিয়েছেন, পাঠ্যবই মুদ্রণের সঙ্গে সংশ্লিষ্ট আওয়ামী লীগের ঘনিষ্ঠ একটি চক্রের দুর্নীতির অভিযোগ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটিতে আলোচনা হয়েছে।

সূত্রঃ আমার দেশ









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]