সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকিতে ঢাকা রেঞ্জে সংযুক্ত ১২ পুলিশ কর্মকর্তা   টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে   নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ   ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনর্গঠনে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপি   সাতক্ষীরায় শিশু রোগীর চাপ, শয্যা না পেয়ে বারান্দায় চলছে চিকিৎসা   স্বতন্ত্র প্রার্থী হয়ে বহিষ্কৃত সাত এমপিসহ নেতাদের দলে ফেরানোর উদ্যোগ বিএনপির   শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ, উন্মোচন নামফলক   
সাতক্ষীরায় শিশু রোগীর চাপ, শয্যা না পেয়ে বারান্দায় চলছে চিকিৎসা
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:৩৭ পিএম   (ভিজিট : ৩১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাত্র ৪০ দিন বয়সী শিশু আবিদ। শ্বাসকষ্ট নিয়ে গত ২০ নভেম্বর তাকে ভর্তি করা হয় সাতক্ষীরা সদর হাসপাতালে। চিকিৎসকেরা জানান, শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত। কিন্তু হাসপাতালে শয্যা না থাকায় তাকে থাকতে হচ্ছে ওয়ার্ডের বাইরে বারান্দায়। শ্বাসকষ্টে ভুগতে থাকা সন্তানকে বারান্দায় রেখেই চিকিৎসা করাতে হচ্ছে মা রোজিনা খাতুনকে।

একই দিন দেড় মাস বয়সী মেয়ে আইরিয়াকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করেন পাটকেলঘাটা গ্রামের আফরোজা খাতুন। শিশু ওয়ার্ডে শয্যা না পেয়ে তাকেও আশ্রয় নিতে হয়েছে বারান্দায়। সেখানে নেবুলাইজারের মাধ্যমে চলছে তার চিকিৎসা।

শীতের আগমনে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়তে থাকায় সাতক্ষীরা সদর হাসপাতালে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শুধু সদর হাসপাতাল নয়, জেলার অন্যান্য হাসপাতালেও বাড়ছে শিশু রোগীর চাপ। গত প্রায় ৫০ দিনে সাতক্ষীরার তিনটি হাসপাতালে এসব রোগে আক্রান্ত ১ হাজার ১০৪ শিশু ভর্তি হয়েছে। রোগীর তুলনায় শয্যা সংকট থাকায় অনেক শিশুকে হাসপাতালের বারান্দা ও মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। এর পাশাপাশি রয়েছে চিকিৎসক ও অন্যান্য জনবলের ঘাটতি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত সাতক্ষীরা সদর হাসপাতালে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত ৭৫০ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত ২৫০ এবং ডায়রিয়ায় আক্রান্ত ৫০০ শিশু। একই সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ১৯০ শিশু। তাদের মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত ১১০ এবং ডায়রিয়ায় আক্রান্ত ৮০ জন।

এ ছাড়া জেলার একমাত্র বেসরকারি শিশু হাসপাতালে একই সময়ে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত ১৬৪ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত ১১৫ এবং ডায়রিয়ায় আক্রান্ত ৪৯ শিশু।

বেসরকারি শিশু হাসপাতালটির পরিচালক চিকিৎসক আবুল বাসার জানান, এখন পর্যন্ত বহির্বিভাগে এসব রোগে আক্রান্ত আরও ৫ হাজার ৩২০ শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে অনুমোদিত শয্যা রয়েছে মাত্র ১৫টি। অথচ প্রতিদিন সেখানে গড়ে ৯০ থেকে ১২০ শিশু ভর্তি থাকে। শিশু ডায়রিয়া ওয়ার্ডে অনুমোদিত শয্যা পাঁচটি হলেও প্রতিদিন রোগী থাকে ২০ থেকে ৩০ জন। ফলে সেখানে অনুমোদিত শয্যার তুলনায় প্রায় সাত গুণ বেশি রোগীর চাপ সামলাতে হচ্ছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) চিকিৎসক আব্দুর রহমান বলেন, সীমিত শয্যা ও জনবল দিয়ে বিপুলসংখ্যক শিশুকে চিকিৎসাসেবা দিতে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সামছুর রহমান বলেন, আবহাওয়ার দ্রুত পরিবর্তন ও তাপমাত্রার ওঠানামায় শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে নবজাতক ও পাঁচ বছরের কম বয়সী শিশুদের নিউমোনিয়া ও শ্বাসকষ্ট দ্রুত গুরুতর অবস্থায় পৌঁছাতে পারে। অন্যদিকে ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের শরীরে দ্রুত পানিশূন্যতা দেখা দিতে পারে।

তিনি বলেন, শিশুদের শ্বাসকষ্ট, দ্রুত শ্বাস নেওয়া, বুক দেবে যাওয়ার লক্ষণ কিংবা ডায়রিয়া দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

শিশু রোগীর বাড়তি চাপ সামাল দিতে হাসপাতালগুলোর চিকিৎসাসেবার সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। সাতক্ষীরা সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে শয্যা বাড়ানো প্রয়োজন। পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসক ও নার্স নিয়োগ, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামের সরবরাহ নিশ্চিত করতে হবে। আগামী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সাতক্ষীরার সিভিল সার্জন আব্দুস সালাম বলেন, ১৯৮০ সালের দিকে ৫০ শয্যা নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালের যাত্রা শুরু হয়। পরে হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করা হলেও বর্তমান জনসংখ্যা ও রোগীর চাপের তুলনায় তা পর্যাপ্ত নয়।

তিনি জানান, সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার অনুমোদন চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। অধিদপ্তরের একটি সভায় প্রস্তাবটি উত্থাপন করা হলেও সাতক্ষীরা মেডিকেল কলেজের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় তখন অনুমোদন পাওয়া যায়নি। হাসপাতালের সক্ষমতা বাড়াতে আবারও উদ্যোগ নেওয়া হবে।

শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আজিজুর রহমান বলেন, শীত মৌসুমে শিশুদের রোগবালাই বাড়ার এই সময়ে হাসপাতালগুলোতে দ্রুত শয্যা ও চিকিৎসকসংকট নিরসন করা না গেলে সাধারণ পরিবারের শিশুদের চিকিৎসাসেবা পাওয়া আরও কঠিন হয়ে পড়তে পারে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]