
সংগৃহীত ছবি
জন্ম থেকেই দুটি হাত ও একটি পা নেই। অন্যের সহযোগিতা ছাড়া চলাফেরা করাও কঠিন। কিন্তু শারীরিক সীমাবদ্ধতা তাঁর স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। মুখ ও অবশিষ্ট একটি পা দিয়ে লিখেই একের পর এক শিক্ষাজীবনের সাফল্য অর্জন করেছেন। মেধা, অধ্যবসায় ও অদম্য ইচ্ছাশক্তির জোরে প্রতিকূলতাকে জয় করে এগিয়ে চলেছেন স্বপ্নের পথে। তিনি যশোরের অদম্য মেধাবী শিক্ষার্থী তামান্না নূরা।
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে দেশজুড়ে পরিচিতি পাওয়া তামান্না বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইংরেজি বিভাগের ফাইনাল সেমিস্টারের শিক্ষার্থী। জীবনের প্রতিটি পর্যায়ে নানা বাধা অতিক্রম করে এখন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করার দ্বারপ্রান্তে তিনি। তাঁর জীবনসংগ্রাম শুধু সাফল্যের গল্প নয়, বরং প্রতিকূলতার বিরুদ্ধে অদম্য লড়াইয়ের এক অনন্য দৃষ্টান্ত।
তামান্নার বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামে। তাঁর বাবা রওশন আলী স্থানীয় পোদাউলিয়া দাখিল মাদ্রাসার বিএসসি শিক্ষক। মা খাদিজা পারভীন শিল্পী একজন গৃহিণী।
জন্মের পর থেকেই তামান্নাকে ঘিরে পরিবারের সংগ্রাম শুরু হয়। শারীরিক সীমাবদ্ধতার পাশাপাশি সমাজের মানুষের কটূক্তি, বিদ্রুপ ও অবহেলার মুখোমুখি হতে হয়েছে তাঁদের। বিশেষ করে মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় থাকতেন মা খাদিজা পারভীন শিল্পী। গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়লে জায়নামাজে বসে চোখের পানি ফেলে মহান আল্লাহর কাছে মেয়ের সুন্দর ভবিষ্যৎ কামনা করতেন তিনি। মায়ের সেই দোয়া, ভালোবাসা ও নিরলস প্রচেষ্টাই যেন তামান্নার প্রতিটি অর্জনের পেছনে বড় অনুপ্রেরণা হয়ে রয়েছে।
শৈশবে বাবার কাঁধে চড়ে শুরু হয়েছিল তামান্নার বিদ্যালয়জীবন। তবে পড়াশোনার পথটি তাঁর জন্য মোটেও সহজ ছিল না। অন্য শিশুদের মতো বেঞ্চে বসা, হাতে কলম ধরে লেখা কিংবা স্বাভাবিকভাবে পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব ছিল না। মুখ ও একটি পা ব্যবহার করেই লিখতে হয়েছে তাঁকে। পড়াশোনার জন্য প্রয়োজন হয়েছে বিশেষ চেয়ার ও বেঞ্চের। এত প্রতিকূলতার মধ্যেও কখনো হাল ছাড়েননি তিনি।
প্রাথমিকের পাঠ শেষ করে ভর্তি হন বাঁকড়া হাইস্কুলে। সেখানেও প্রতিটি ধাপে নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তবে শারীরিক সীমাবদ্ধতা কিংবা মানুষের নেতিবাচক মন্তব্য কোনো কিছুই তাঁর মনোবল ভাঙতে পারেনি। পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে নিজের মেধার পরিচয় দেন তামান্না। পরবর্তী সময়ে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়ে সবাইকে চমকে দেন।
এরপর উচ্চশিক্ষার জন্য ভর্তি হন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। বিশ্ববিদ্যালয়জীবনেও মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে চলেছেন তিনি। বর্তমানে ফাইনাল সেমিস্টারের শিক্ষার্থী তামান্নার সামনে অপেক্ষা করছে নতুন সম্ভাবনা ও স্বপ্নপূরণের হাতছানি।
তবে শিক্ষাজীবনে এত সাফল্যের পরও দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জগুলো এখনো রয়ে গেছে। চলাফেরার জন্য অন্যের সহযোগিতার পাশাপাশি হুইলচেয়ারই তাঁর প্রধান অবলম্বন। সাধারণ হুইলচেয়ারে চলাচলে নানা অসুবিধা হওয়ায় প্রয়োজন ছিল বিশেষ সুবিধাসম্পন্ন একটি হুইলচেয়ারের। এমন একটি হুইলচেয়ার তাঁর চলাফেরাকে সহজ করার পাশাপাশি দৈনন্দিন জীবনেও কিছুটা স্বস্তি এনে দিতে পারে।
তামান্নার এই প্রয়োজনের কথা বিবেচনা করে রোববার যশোর জেলা প্রশাসনের সহযোগিতায় তাঁর হাতে বিশেষ সুবিধাসম্পন্ন একটি হুইলচেয়ার তুলে দেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তাঁকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এই উদ্যোগ তামান্নার চলাচলকে আরও সহজ করবে। বিশেষ হুইলচেয়ারটি তাঁর জীবনের সব প্রতিবন্ধকতা দূর করতে না পারলেও স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক নূর ইসলাম, যশোর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হকসহ অনেকে।
তামান্নার জীবনসংগ্রাম প্রমাণ করে, মানুষের স্বপ্ন ও সম্ভাবনা শারীরিক সক্ষমতার সীমারেখায় আটকে থাকে না। সাহস, আত্মবিশ্বাস, পরিবারের ভালোবাসা এবং দৃঢ় মনোবল থাকলে প্রতিকূলতার মধ্যেও সাফল্যের পথ তৈরি করা সম্ভব। একসময় যাঁকে ঘিরে সমাজের নানা প্রশ্ন ও কটূক্তি ছিল, আজ সেই তামান্নাই নিজের অর্জন ও অধ্যবসায়ের মাধ্যমে অসংখ্য মানুষের অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন।