প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:৫৩ পিএম (ভিজিট : ২১)

সংগৃহীত ছবি
রাজধানী ঢাকাকে আরও বাসযোগ্য করে তুলতে বস্তি উন্নয়ন প্রকল্পে সহায়তা দেবে বিশ্বব্যাংক। এ লক্ষ্যে কড়াইল ও ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খান।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশকে তুলনামূলকভাবে সবচেয়ে কম সুদে ঋণ দিয়ে থাকে। এ কারণে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংস্থাটির কাছ থেকে ঋণ নেওয়া হয়।
তিনি জানান, ঢাকা শহরকে আরও বাসযোগ্য করে গড়ে তুলতে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে কড়াইল ও ভাসানটেক বস্তিকে আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো পরিকল্পনা চূড়ান্ত হয়নি।
মন্ত্রী আরও জানান, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে প্রাথমিকভাবে ৫০ মিলিয়ন ডলার সহায়তার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিশ্বব্যাংকের প্রতিনিধিরা।
এ ছাড়া উপকূলীয় অঞ্চলে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বব্যাংক ২০০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেবে বলেও জানান তিনি।