প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:১৮ এএম (ভিজিট : ১০১)

সংগৃহীত ছবি
রাজধানীর পল্লবী, মহাখালীর তিতুমীর কলেজের সামনে ও বাড্ডা লিংক রোডে তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে এসব ঘটনা ঘটে। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তবে অন্য দুটি ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি দুপুর থেকেই ওই স্থানে দাঁড়ানো ছিল। আগুন দেওয়ার ঘটনায় একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে থানায় নেওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো হবে।
এরপর রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
সর্বশেষ রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডের হোসাইন মার্কেটের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম জানান, কে বা কারা একটি বাসে আগুন দিয়েছে, সে বিষয়ে খবর পেয়েছেন। ঘটনাটি তদন্ত করে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান জানান, বাড্ডা লিংক রোডে বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।