
সংগৃহীত ছবি
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদের শেষ বক্তব্যে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেছিলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ভুল করছেন। ফিরে আসুন, জনগণের রায়কে সম্মান করুন। জনগণের রায়কে অপমান করে বাংলাদেশে রাজনীতি চলতে পারে না।’
গতকাল অস্ট্রেলিয়ায় ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বিভিন্ন প্রস্তাব দিয়ে তাঁদের সঙ্গে আলোচনায় বসার এবং কমিটিতে যুক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে। কিন্তু তাঁরা নিজেদের আদর্শ ও অঙ্গীকার থেকে সরে আসবেন না। তিনি বলেন, ‘যা দিতে বলছি, তা দিতে পারবেন। এমনকি আসমানের চাঁদ হাতে এনে দিলেও আমরা আমাদের আদর্শ ও প্রতিশ্রুতি থেকে সরে যাব না, ইনশাআল্লাহ। আমরা আত্মবিশ্বাসী, আমাদের দাবি আদায় হবে। এ দাবি পরিত্যাগ না করে সামনে এগিয়ে যাব।’
দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বাংলাদেশে চলমান সন্ত্রাস ও নৈরাজ্যের অবসান হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ক্ষমতায় থাকাকালে সব বাহিনী ও অস্ত্র নিজেদের নিয়ন্ত্রণে থাকার পরও অপকর্মের কারণে তাঁরা দেশে থাকতে পারেননি। এখন দেশে ফেরার চিন্তা করছেন। তিনি প্রশ্ন তোলেন, সবকিছু হাতে থাকা অবস্থায় যারা দেশে থাকতে পারেননি, তারা এখন কীভাবে ফিরবেন?
শেখ হাসিনার ভারতে অবস্থানের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, মানুষ সাধারণত শ্বশুরবাড়ি, ছেলে বা মেয়ের বাড়িতে আশ্রয় নেয়। কিন্তু আওয়ামী লীগ নেতারা কোথায় আশ্রয় নিয়েছেন, সেই ঠিকানা দেশের মানুষকে প্রতিদিন কষ্ট দেয়।
আবরার ফাহাদের হত্যাকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে শফিকুর রহমান বলেন, পানির অধিকার নিয়ে কথা বলায় আবরারকে হত্যা করা হয়েছিল। যাদের খুশি করতে এমন হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, শেষ পর্যন্ত তাঁদের কাছেই আশ্রয় নিতে হয়েছে।
তিনি আরও বলেন, এখন ‘রিফর্ম আওয়ামী লীগ’ কিংবা ‘পালিয়ে যাওয়া আওয়ামী লীগ’সহ নানা ধরনের পরিচয়ের কথা শোনা যাচ্ছে। কিন্তু আওয়ামী লীগের শাসনামলে যখন দেশের সন্তানদের হত্যা ও গুম করা হয়েছিল, তখন নিজেদের ভালো আওয়ামী লীগার দাবি করা ব্যক্তিরা কোথায় ছিলেন, সেই প্রশ্নও তোলেন তিনি।
প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি প্রবাসীরা। অথচ দেশে ফেরার পর বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এমনকি শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, যাঁদের রেমিট্যান্স যোদ্ধা বলা হয়, তাঁদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে। প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে তাঁরা আগেও সোচ্চার ছিলেন। আগামী স্থানীয় সরকার নির্বাচনেও প্রবাসীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হলে এর প্রতিবাদ জানানো হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এসএম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।