সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে শুরু হয়েছে মজুরি বোর্ডের তৃতীয় সভা   কৃষকদল নেতা রাজু হত্যা: নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে ২৪৬ জনের বিরুদ্ধে মামলা   আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ   টানা দরপতন কাটিয়ে এবার বড় ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম   নতুন বছরের মধ্যে চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের   স্বাধীন বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্ন অপূর্ণই রয়ে গেল মেজর হাফিজের   হোয়াটসঅ্যাপের যে প্রতারণার ফাঁদে পড়লে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট   
সাহসী হলে দেশ ছাড়লেন কেন, হাসিনাকে প্রশ্ন রিজভীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১০:৫০ এএম   (ভিজিট : ৫৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সাহসী হলে দেশে না থেকে পালিয়ে গেলেন কেন? এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, দেশ থেকে পালিয়ে গিয়ে শেখ হাসিনা মাঝেমধ্যে অডিও বার্তা পাঠাচ্ছেন এবং দেশে নাশকতা ও সহিংসতা ঘটাতে অর্থ পাঠানো হচ্ছে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিলের ব্রাদার্স ক্লাবের সামনে সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দল আয়োজিত প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, আন্দোলনের মুখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। তার চেহারা কেউ দেখতে পারে না। মাঝেমধ্যে তার লোকজন অডিও বার্তা পাঠায়। রিজভী প্রশ্ন করেন, শেখ হাসিনা এত সাহসী হলে দেশে থাকলেন না কেন, পালিয়ে পাশের দেশে গেলেন কেন?

নাশকতা ও সহিংসতা চালাতে অর্থ পাঠানোর অভিযোগ তুলে রিজভী বলেন, ককটেল কেনার জন্য অর্থ পাঠানোর কথা বলা হচ্ছে। তাদের টাকার অভাব নেই। বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, বেসিক ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক এবং মেগা প্রকল্প ও পদ্মা সেতু, মেট্রোরেলের অর্থ লুটপাটের অভিযোগ তুলে তিনি বলেন, এসব অর্থ থেকেই টাকা পাঠাতে কোনো অসুবিধা হয় না।

ককটেল বিস্ফোরণ ঘটাতে অর্থ দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, কেউ কেউ দাবি করছেন, বিকাশের মাধ্যমে একটি ককটেল বিস্ফোরণের জন্য ১০ হাজার থেকে ২০ হাজার টাকা দেওয়া হচ্ছে। এসব টাকা কিশোর গ্যাং, মাদকসেবী ও ছোট ছোট টোকাইদের হাতে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, জিলানী ছাত্রজীবন থেকেই রাজনীতি করে আসছেন। তার বাড়ি ও আত্মীয়স্বজনের বাড়িতে হামলা এবং অগ্নিসংযোগ করা হয়েছে। শেখ হাসিনা টুঙ্গিপাড়ার আসনে জিলানীর জয় প্রত্যাশা করেননি বলেও মন্তব্য করেন তিনি। রিজভীর অভিযোগ, শেখ হাসিনার রাজনীতিতে প্রতিশোধ ও রক্তপাতের প্রবণতা রয়েছে।

বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা, গুম, নির্যাতন ও ক্রসফায়ারের অভিযোগ তুলে রিজভী বলেন, ক্ষমতায় থাকাকালে এসব কর্মকাণ্ড চালানো হয়েছে এবং দেশ ছেড়ে পালানোর পরও সহিংসতার প্রবণতা বন্ধ হয়নি।

সাম্প্রতিক কয়েক দিনের সহিংসতার উল্লেখ করে তিনি বলেন, ফরিদপুরের ভাঙ্গায় রাজু মোল্লা এবং নড়াইলের কালিয়ায় সোহেল রানা ও শাহিনুর রহমান নিহত হয়েছেন। এ ছাড়া বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা হামলা, গ্রামীণ ব্যাংকের ৮০টি শাখায় আগুন এবং রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায়ও পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেন রিজভী।

শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য ও অডিও বার্তার সমালোচনা করে তিনি বলেন, এসব বার্তায় হিংস্রতা ও রক্তপাতের আহ্বান রয়েছে। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে ইউনিয়ন পর্যায়ে বাড়ি পোড়ানোর নির্দেশ দেওয়ার অভিযোগ তুলে রিজভী বলেন, তাদের রাজনীতিতে মানবতা ও ভালোবাসার জায়গা নেই।

আওয়ামী লীগকে ‘জাতীয় শয়তান’ আখ্যা দিয়ে রিজভী বলেন, সংসদে আইন করে দলটিকে জাতীয় শয়তান হিসেবে বিবেচনা করা উচিত। তার মতে, যারা রাজনীতির নামে মানুষ হত্যা ও বিরোধীদের ধ্বংস করার চেষ্টা করে, তাদের রাজনীতি করার সুযোগ থাকা উচিত নয়।

বর্তমান সরকারের ভূমিকার প্রশংসা করে রিজভী বলেন, এত গাড়ি পোড়ানো, বিএনপির নেতাকর্মীদের হত্যা, ব্যাংকে অগ্নিসংযোগ এবং নেতাদের বাড়িতে হামলার পরও সরকার প্রতিশোধমূলক আচরণ করেনি। বরং অপরাধীদের আইনের আওতায় এনে আইনসম্মত বিচার করার কথা বলেছে।

তিনি বলেন, গোপালগঞ্জ বাংলাদেশের একটি জেলা, অন্য কোনো দেশ নয়। সরকার চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে কঠোরভাবে দমন করতে পারত, কিন্তু তা করেনি। যারা সন্ত্রাস, অগ্নিসংযোগ ও সহিংসতায় জড়িত, তাদের আইনের আওতায় এনে বিচার করা প্রয়োজন।

নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, রাস্তায় রাস্তায় পাহারা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের চলাচলের বিষয়ে নজর রাখতে হবে, কারণ তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপুল অর্থসম্পদের মালিক হওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, গত ১৭ বছরে তারা প্রচুর অর্থ উপার্জন করেছেন। এমনকি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাদেরও বিপুল সম্পদ রয়েছে বলে দাবি করেন তিনি। যশোরে বিমানে যাতায়াতের অভিজ্ঞতা উল্লেখ করে রিজভী বলেন, আগে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতারাও ঢাকা থেকে যশোরে বিমানে যাতায়াত করতেন, এখন তারা পালিয়ে গেছেন।

তিনি অভিযোগ করেন, এসব সম্পদ ব্যাংক লুটপাট, বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং পদ্মা সেতু ও অন্যান্য মেগা প্রকল্পের অর্থের সঙ্গে সম্পর্কিত।

পূর্বাচলে জমি বরাদ্দ ও সম্পদ অর্জন নিয়েও শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তুলে রিজভী বলেন, ধানমন্ডিতে বাড়ি থাকা সত্ত্বেও পরিবারের সদস্য ও আত্মীয়দের নামে পূর্বাচলে ৬০ কাঠা জমি বরাদ্দ নেওয়া হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে বেআইনিভাবে সম্পদ অর্জন ও অর্থ আত্মসাতের অভিযোগ করেন তিনি।

সবশেষে আওয়ামী লীগের রাজনীতিতে পুনরায় ফেরার বিরোধিতা করে রিজভী বলেন, দেশের জনগণ সত্য, ন্যায় ও ন্যায়বিচারের পক্ষে। যারা জনগণের সঙ্গে শত্রুতা করেছে এবং জনগণের কাছে নেতিবাচকভাবে বিবেচিত হয়েছে, তাদের বাংলাদেশে নতুন করে রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]