
সংগৃহীত ছবি
গোপালগঞ্জে বাস থামিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের জোরপূর্বক ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই শিক্ষার্থীর নাম সাবিদ হাসান। তিনি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
‘গোপালগঞ্জ আওয়ামী’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি চলাকালে বাসযাত্রীদের সঙ্গে সাবিদকে আক্রমণাত্মক আচরণ করতে দেখা যায়। রোববার (২২ নভেম্বর) পর্যন্ত ভিডিওটি সাত লাখের বেশি মানুষ দেখেছেন।
‘গোপালগঞ্জ চন্দ্রদিঘলীয় বাস চেক’ ক্যাপশনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সাবিদের নেতৃত্বে একদল যুবক চন্দ্রদিঘলীতে খুলনাগামী একটি বাস আটকে যাত্রীদের দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করছেন। একপর্যায়ে যাত্রীদের জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করা হয়। এ সময় ছুরি দেখিয়ে এক যাত্রীর মোবাইল ফোন কেড়ে নিয়ে সেটি তল্লাশি করা হয়। এতে বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর সূত্রে জানা গেছে, সাবিদের বাড়ি গোপালগঞ্জে। কলেজে ভর্তির পর থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে কলেজ ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেনের ঘনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিতি পান। তবে পরবর্তী সময়ে মিল্লাদ তাঁকে নিজের অনুসারীদের বলয় থেকে সরিয়ে দেন।
এরপরও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে ক্যাম্পাসে প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে সাবিদের বিরুদ্ধে। ঢাকা কলেজ দক্ষিণ ছাত্রাবাসে তাঁর সঙ্গে থাকা ছাত্রদলের এক আহ্বায়ক সদস্যের নিউমার্কেট এলাকায় ফুটপাতের ব্যবসার সঙ্গে সম্পর্ক রয়েছে বলেও জানা গেছে। এ ছাড়া একটি অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিক পরিচয় ব্যবহার নিয়েও তাঁর বিরুদ্ধে প্রশ্ন উঠেছে।
সাবিদের পারিবারিক রাজনৈতিক পরিচয় নিয়েও আলোচনা চলছে। তাঁর বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রলীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। পরিবারের অন্য সদস্যদেরও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয়ভাবে পরিচিতি আছে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল আমিন ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, একদিকে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্যসচিব ছাত্রলীগ নেতাকে কেক খাওয়াচ্ছেন, অন্যদিকে সেই ছেলেই গোপালগঞ্জে বাস থামিয়ে সাধারণ মানুষকে জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াচ্ছে। এ ধরনের ঘটনায় দায়িত্বশীল ব্যক্তিদের আরও সচেতন হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কলেজ ছাত্রদলের কর্মী মাসুদ রানা। তিনি বলেন, সুপার কোরামের ঘনিষ্ঠ হলে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকেও ছাত্রদলে পদ পাওয়া সম্ভব। সংগঠনের রাজনীতিতে দীর্ঘদিনের শ্রম, ত্যাগ ও আন্দোলন-সংগ্রামের চেয়ে কোরামভিত্তিক রাজনীতিই বেশি গুরুত্ব পাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগের বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেন বলেন, সাবিদ হাসান প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতেন। প্রথম বর্ষের শিক্ষার্থী হিসেবে তাঁকে ক্যাম্পাসের ছোট ভাই মনে করা হতো। তবে ছাত্রদলের কোনো কমিটিতে তাঁর পদ ছিল না। সাংগঠনিক কার্যক্রম কিংবা দলীয় কর্মসূচিতেও তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল না।
মিল্লাদ আরও বলেন, সাবিদের বাড়ি গোপালগঞ্জ এবং তাঁর পরিবারের আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি তাঁদের জানা ছিল না। বিষয়টি জানতে তাঁদের কিছুটা সময় লেগেছে। তবে গত ছয়-সাত মাস ধরে সাবিদের সঙ্গে তাঁদের কোনো যোগাযোগ নেই।
তিনি জানান, সাবিদকে কোথাও পাওয়া গেলে অবশ্যই পুলিশের হাতে তুলে দেওয়া হবে। এ ধরনের কাউকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই।
ভবিষ্যতে সংগঠনের কর্মী বাছাইয়ের ক্ষেত্রে আরও সতর্ক থাকার কথা জানিয়ে মিল্লাদ বলেন, নতুন শিক্ষার্থীদের সঙ্গে মেলামেশা কিংবা সংগঠনে সম্পৃক্ত করার আগে তাঁদের পরিচয় ও পারিবারিক রাজনৈতিক সম্পৃক্ততা যাচাই করা হবে। কেউ গোপনে সংগঠনে প্রবেশের চেষ্টা করছে কি না, সে বিষয়েও সতর্ক থাকা হবে। ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত কারও বিষয়ে তথ্য পাওয়া গেলে তাঁকে সংগঠন থেকে বয়কট করে আইনের হাতে তুলে দেওয়া হবে।
এদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে সাবিদ হাসানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।