প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৯:৩৮ পিএম (ভিজিট : ৪৮)

সংগৃহীত ছবি
দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা বেড়ে যাওয়ায় সব জেলা রেজিস্ট্রারের কার্যালয় ও সাব-রেজিস্ট্রি অফিসের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে নিবন্ধন অধিদপ্তর। বিশেষ করে অফিসের রেকর্ডরুমের নিরাপত্তা নিশ্চিত করা এবং নৈশপ্রহরীদের দায়িত্ব পালনের বিষয়টি নিয়মিত তদারকির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে দেশের সব জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারকে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, দেশের স্থিতিশীল পরিবেশ নষ্ট করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে হামলা ও নাশকতামূলক কর্মকাণ্ড বাড়ছে। দুষ্কৃতকারীরা সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের মতো ঘটনা ঘটাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ৯ নভেম্বর গভীর রাতে ফেনী জেলা সদর রেকর্ডরুমে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বলে চিঠিতে জানানো হয়েছে।
নিবন্ধন অধিদপ্তর জানিয়েছে, দেশের প্রতিটি সাব-রেজিস্ট্রি অফিস ও জেলা রেকর্ডরুমে জনগণের গুরুত্বপূর্ণ ও মূল্যবান দলিলপত্র সংরক্ষিত রয়েছে। এসব নথির সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার পাশাপাশি অফিসগুলোর নৈশপ্রহরীদের দায়িত্ব পালনের বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রতিটি অফিসে অগ্নিনির্বাপক যন্ত্র সচল ও ব্যবহারের উপযোগী রাখা এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার কথাও বলা হয়েছে।
চিঠিতে নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।