প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৮:৪২ পিএম (ভিজিট : ৫৭)

সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসাই হবে মানুষের প্রধান পরিচয়। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
রোববার রাজধানীর কড়াইল বিটিসিএল কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন হয়ে পড়া পরিবারের সদস্যদের মধ্যে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমানের পক্ষ থেকে সাতটি ঘরের চাবি হস্তান্তর করেন তিনি।
ডা. জুবাইদা রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর নেতৃত্বাধীন সরকার এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান, যেখানে মানবিকতা এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসাই হবে মূল চেতনা। আজ আপনাদের দুর্দিনে আমরা পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও বিপদে আপনাদের পাশে থাকব, ইনশাআল্লাহ।
এ সময় অগ্নিকাণ্ডে নিহত ১৯ বছর বয়সী শাহরিয়ার রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি। ডা. জুবাইদা বলেন, শাহরিয়ারের সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায় তাকে হারাতে হয়েছে।
শাহরিয়ারের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মিজানুর রহমান, মরশেদা খাতুন, নাজমিন বেগম, কোহিনুর বেগম ও মরশেদা বেগমের প্রতি সমবেদনা জানান তিনি।
শাহরিয়ারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে এক মিনিট নীরবতা পালনের আহ্বানও জানান ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতারা।