প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:৩৮ পিএম (ভিজিট : ২৭)

সংগৃহীত ছবি
যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) জিয়াউদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর আজিজুল ইসলামকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, আজিজুল ইসলামের বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যশোর-৬ (কেশবপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ওই নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন আজিজুল।
কেশবপুরের প্রয়াত সাবেক সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তিনি। একসময় নিষিদ্ধ ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন আজিজুল ইসলাম। পরে তিনি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন।
এর আগে গত ১৯ নভেম্বর রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।