প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:৩৪ পিএম (ভিজিট : ২৫)

সংগৃহীত ছবি
বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। প্রাথমিকভাবে চারটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে অত্যাধুনিক এ টার্মিনালের যাত্রা শুরু হবে। আর আগামী ৩০ নভেম্বরের মধ্যে টার্মিনাল পরিচালনার চুক্তি স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
বিমানমন্ত্রী বলেন, আগামী ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইটের মাধ্যমে তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু হবে। প্রাথমিক পর্যায়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সিঙ্গাপুর এয়ারলাইনসসহ কয়েকটি এয়ারলাইনসের ফ্লাইট পরিচালিত হবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে।
টার্মিনাল পরিচালনার চুক্তির শর্ত সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্ভাব্যতা যাচাই ও বিভিন্ন বিষয় পর্যালোচনার পর চুক্তির শর্তগুলো নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী জানান, সমীক্ষায় দেখা গেছে, ১০০ কিলোমিটারের মধ্যে নতুন আরেকটি বিমানবন্দর নির্মাণের প্রয়োজন নেই। একই সঙ্গে আগামী ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নির্মাণ করাও কঠিন হবে। এসব বাস্তবতা বিবেচনায় নিয়েই পরিচালনা চুক্তির শর্তগুলো গ্রহণ করা হয়েছে।
চুক্তির শর্তের কারণে বাংলাদেশ খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। তবে তৃতীয় টার্মিনালের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করতে সর্বোচ্চ ১৪ মাস সময় লাগতে পারে বলে জানান মন্ত্রী।
এদিকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বিমানবন্দরটির উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হবে। তবে আগামী ১ ডিসেম্বর এটি উদ্বোধন হচ্ছে না বলে স্পষ্ট করেন তিনি।
তৃতীয় টার্মিনাল চালু হলে দেশের বিমান পরিবহন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। পর্যায়ক্রমে ফ্লাইট ও সেবার পরিধি বাড়ানোর মাধ্যমে আন্তর্জাতিক যাত্রী পরিবহনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।