প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:৩১ পিএম (ভিজিট : ১৭০)

সংগৃহীত ছবি
সাতক্ষীরার কালিগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও দুজন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাজমিস্ত্রি মহানন্দ সরকার (৩৫) ও স্কুলছাত্র আরাফাত সরদার (১৬)। মহানন্দ ওই গ্রামের সোনা সরকারের ছেলে এবং আরাফাত মনি সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরেয়া গ্রামের আরিফুল ইসলামের নির্মাণাধীন সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে প্রথমে ভেতরে প্রবেশ করেন রাজমিস্ত্রি মহানন্দ সরকার। ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে অক্সিজেনের ঘাটতি অথবা বিষাক্ত গ্যাসের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন।
এ সময় তাকে উদ্ধারের জন্য ট্যাংকের ভেতরে নামেন স্কুলছাত্র আরাফাত সরদার। পরে তিনিও অসুস্থ হয়ে মারা যান। তাদের উদ্ধারে গোলাম হোসেন ও জামালউদ্দীন ট্যাংকের ভেতরে নামলে তারাও অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করা হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, সেপটিক ট্যাংকে নেমে দুজনের মৃত্যুর খবর পেয়েছেন। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।