প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০:৪০ পিএম (ভিজিট : ২১)

সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুর-১০ এলাকার ফুটপাত পুনরায় অবৈধ দখলমুক্ত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৬) বিকেল ৩টা থেকে ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলির পরিচালনায় অভিযানে মিরপুর-১০ এলাকার ফুটপাত দখল করে অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করা হয়। এর ফলে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত আবারও উন্মুক্ত করা হয়েছে।
অভিযান চলাকালে ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান বলেন, মিরপুরকে ফুটপাত দখলমুক্ত রাখতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনসাধারণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে ডিএনসিসি।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর ২০২৬ তারিখে মিরপুর-১০ এলাকার ফুটপাত থেকে অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। তবে গত কয়েক দিন ধরে কিছু ব্যক্তি পুনরায় মিরপুরের বিভিন্ন ফুটপাতে বসার চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার প্রশাসক নিজেই অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন এবং পুনরায় ফুটপাত দখলমুক্ত করেন।
এদিকে, উচ্ছেদ অভিযান চলাকালে ডিএনসিসি প্রশাসক মিরপুর-১০ ফুটওভারব্রিজের সংস্কারকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
ডিএনসিসির এ অভিযানের মাধ্যমে মিরপুর-১০ এলাকার ফুটপাতের স্বাভাবিক পরিবেশ ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।