প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:৫১ পিএম (ভিজিট : ৬০)

সংগৃহীত ছবি
খুলনায় একদিনে নগরী ও আশপাশের সাতটি স্থানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। এ ছাড়া চাঁদা দাবির পর ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া এবং হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। একের পর এক গুলির ঘটনায় নগরীজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গুলির ঘটনায় নিহত আওয়ামী লীগ নেতার নাম আব্দুল হালিম। রাত সাড়ে ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তিনি নিহত হন। তার মাথা ও বুকে গুলি লাগে। স্থানীয়ভাবে তিনি ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। যুবলীগের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
এর আগে বিকেল ৪টার দিকে সোনাডাঙ্গায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পালংকি রেস্টুরেন্ট লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এর আগে রেস্টুরেন্টটির মালিক আশিকুর রহমানের কাছে চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা না পেয়ে রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। পরে পুলিশ রেস্টুরেন্টটি খুলে দেওয়ার পর সেখানে গুলির ঘটনা ঘটে।
বিকেল ৩টার দিকে লবণচরা থানার মোহাম্মদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে পরিবহন ব্যবসায়ী টুটুলের বাড়ি লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়া হয়। এতে বাড়ির শোবার ঘরের জানালার থাই গ্লাস ভেঙে যায়। এর আগেও বিভিন্নভাবে হুমকি পাওয়ার অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আড়ংঘাটা থানার শলুয়া সুইস গেট এলাকায় পানুর চায়ের দোকান লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে মোটরসাইকেলে আসা মুখোশধারীরা। এ সময় দোকানে থাকা লোকজন প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। পরে সুইস গেট পার হয়ে আরও দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এর আগে ১৭ নভেম্বর একই এলাকায় গুলিতে ঘের ব্যবসায়ী সোলেমান ও ভ্যানচালক আব্দুল খালেক আহত হয়েছিলেন।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খানজাহান আলী থানার সোনালী জুট মিলের প্রধান ফটকের সামনে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত। পাট ব্যবসায়ী রাসেলের কাছে চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা দিতে রাজি না হওয়ায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এ ছাড়া বেলা সোয়া ১১টার দিকে খুলনা সদর থানার ১৬ নম্বর বেলায়েত হোসেন সড়কে আবু সাইদ নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়ে চার দুর্বৃত্ত। হেলমেট পরা অবস্থায় বাড়ির নিচে অপেক্ষায় থাকা দুর্বৃত্তরা তার সঙ্গে ঘরে প্রবেশ করে পিস্তল বের করে গুলি চালায়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান তিনি।
রাত আনুমানিক ৯টার দিকে লবণচরা থানার পশ্চিম টুটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সন্ত্রাসী প্রিন্সের শ্বশুর আব্দুল জলিল আকনের বাড়ি লক্ষ্য করেও গুলি ছোড়ার ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
একদিনে একাধিক স্থানে গুলিবর্ষণের ঘটনায় নগরী ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এসব ঘটনার কারণ অনুসন্ধান এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে বলে জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুদর্শন রায় বলেন, পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। তাঁরাও ঘটনাস্থলগুলোতে তৎপর রয়েছেন। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।