
সংগৃহীত ছবি
গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন চলাচল এবং আগুনে ক্ষতিগ্রস্ত টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম শিগগিরই চালু হচ্ছে না। নিরাপত্তাঝুঁকি বিবেচনায় আপাতত ট্রেন চলাচল পুনরায় চালুর সিদ্ধান্ত নিচ্ছে না সরকার। একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় জেলায় বিভিন্ন সরকারি বরাদ্দও সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।
গত ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভ, ভাঙচুর ও নাশকতার ঘটনার পর থেকে গোপালগঞ্জের সঙ্গে অন্যান্য জেলার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। রেলপথ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল চালুর উদ্যোগ নেওয়া হবে না।
গোপালগঞ্জে প্রতিদিন পাঁচটি ট্রেন চলাচল করত। এর মধ্যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস গোপালগঞ্জ থেকে রাজশাহী, অভিযাত্রী কমিউটার ঢাকা থেকে গোপালগঞ্জ, রূপসী বাংলা ঢাকা থেকে কাশিয়ানী হয়ে বেনাপোল, জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা থেকে কাশিয়ানী হয়ে খুলনা এবং ভাটিয়াপাড়া এক্সপ্রেস ভাঙ্গা থেকে ভাটিয়াপাড়া পর্যন্ত চলাচল করত। ১৫ নভেম্বর থেকে এসব ট্রেনের চলাচল বন্ধ রয়েছে।
এদিকে আগুনে পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রমও এখনই পুনরায় চালু হচ্ছে না। থানা দুটির কার্যক্রম বন্ধ থাকায় বর্তমানে গোপালগঞ্জ সদর থানা থেকে এ সংক্রান্ত সেবা দেওয়া হচ্ছে। এখনো থানাগুলোর সংস্কারকাজ শুরু হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে সংস্কারকাজ শুরু করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী জানান, ট্রেন যোগাযোগ চালুর বিষয়টি রেলপথ মন্ত্রণালয় দেখবে। পুড়ে যাওয়া দুই থানার পুলিশ সদস্যরা ওই জেলাতেই কর্মরত রয়েছেন। তবে থানা দুটির কার্যক্রম কবে নাগাদ পুনরায় চালু হবে, সে বিষয়ে তিনি মন্তব্য করেননি।
গোপালগঞ্জে আপাতত বিভিন্ন সরকারি বরাদ্দ স্থগিত রাখার সিদ্ধান্তও হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে বরাদ্দ দেওয়া অর্থের তৃতীয় কিস্তি জেলায় ছাড় করা হবে না। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই কিস্তির অর্থ স্থগিত থাকবে।
গত ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেশি অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় পুলিশের সাঁজোয়া যান পুড়িয়ে দেওয়া, পুলিশ বক্স ভাঙচুর, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুর এবং স্থানীয় বিএনপির তিন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনার পর জেলার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।
এরপর ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। এতে থানা দুটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে স্থানীয়দের ভোগান্তি বেড়েছে। সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা করতে গিয়ে সমস্যায় পড়ছেন অনেকে।
এ ছাড়া ২৩ নভেম্বর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের পুরোনো লঞ্চঘাট এলাকার গোলচত্বরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ভবিষ্যতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডে সরকার বলপ্রয়োগ করবে না। মারণাস্ত্রও ব্যবহার করা হবে না। এমনকি আবারও গাছ কেটে সড়ক অবরোধ কিংবা বাড়িঘরে হামলার ঘটনা ঘটলেও সরকারের অবস্থান একই থাকবে বলে জানান ওই কর্মকর্তা।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির জানান, পুড়ে যাওয়া থানা দুটির সংস্কারকাজ এখনো শুরু হয়নি, এতে কিছুটা সময় লাগবে। ট্রেন চলাচলও বন্ধ রয়েছে এবং তা পুনরায় চালু হতে সময় লাগবে।
তিনি আরও জানান, আগামী মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি কর্মসূচি থাকায় হামলা ও ভাঙচুরের আশঙ্কা রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে এসব সেবা চালুর সম্ভাবনা কম।