বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সরকার চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী   জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান   ভারতের কোন এলাকায় রয়েছেন শেখ হাসিনা, জানা গেল সম্ভাব্য ঠিকানা   আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট   নারায়ণগঞ্জের সাত খুন মামলায় জিয়াউল আহসানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে: অ্যাটর্নি জেনারেল   ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে   একটি জেলাকে বিচ্ছিন্ন করে স্বাধীন ঘোষণার চেষ্টা দেশদ্রোহিতা: জামায়াত আমির   
ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ পিএম   (ভিজিট : ৫৯)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তৈরি পোশাকশিল্পের নতুন মজুরি কাঠামো নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। সর্বশেষ আলোচনায় মালিকপক্ষ চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য সর্বনিম্ন ১৫ হাজার ৭০০ টাকা মজুরির প্রস্তাব দিয়েছে। অন্যদিকে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এসব তথ্য জানান।

তিনি বলেন, চতুর্থ গ্রেডে মালিকপক্ষের প্রাথমিক প্রস্তাব ছিল ১৫ হাজার টাকা। পরবর্তী প্রস্তাবে তা বাড়িয়ে ১৫ হাজার ৫০০ টাকা করা হয়। সর্বশেষ প্রস্তাবে চতুর্থ গ্রেডের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের কথা জানিয়েছে মালিকপক্ষ।

এর আগে গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা এবং নতুন নিয়োগপ্রাপ্ত ও শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছিল। বর্তমানে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা।

মঙ্গলবার দুপুর ২টায় শুরু হওয়া মজুরি বোর্ডের চতুর্থ সভা বিকেল ৪টা পর্যন্ত চলে। সভায় মালিকপক্ষের সংশোধিত প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হলেও দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়।

সভায় উপস্থিত ছিলেন বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব।

সভা শেষে চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, মালিকপক্ষ তাদের সংশোধিত মজুরি প্রস্তাব জমা দিয়েছে। তবে সেটি শ্রমিকপক্ষের কাছে গ্রহণযোগ্য হয়নি। একইভাবে শ্রমিকপক্ষের প্রস্তাবও মালিকপক্ষ মেনে নেয়নি। দুই পক্ষের প্রস্তাব পর্যালোচনা করে একটি সমন্বিত প্রস্তাব তৈরির বিষয়ে আলোচনা চলছে।

মজুরি বোর্ডের আলোচনায় মালিকপক্ষ তিন ধাপে তাদের প্রস্তাব সংশোধন করেছে। প্রথম প্রস্তাবে গ্রেড-১ এ ১৭ হাজার ৮৫০ টাকা, গ্রেড-২ এ ১৬ হাজার ৯৫০ টাকা, গ্রেড-৩ এ ১৬ হাজার ১১০ টাকা এবং গ্রেড-৪ এ ১৫ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়।

দ্বিতীয় প্রস্তাবে গ্রেড-১ ও ২-এ ৩০০ টাকা করে এবং গ্রেড-৩ ও ৪-এ ৫০০ টাকা করে বাড়ানো হয়। এতে চারটি গ্রেডের প্রস্তাবিত মজুরি দাঁড়ায় যথাক্রমে ১৮ হাজার ১৫০, ১৭ হাজার ২৫০, ১৬ হাজার ৬৫০ ও ১৫ হাজার ৫০০ টাকা।

সর্বশেষ তৃতীয় প্রস্তাবে গ্রেড-১ এ ৬৭৮ টাকা, গ্রেড-২ এ ৬৩৭ টাকা, গ্রেড-৩ এ ৩৪৬ টাকা এবং গ্রেড-৪ এ ২০০ টাকা বাড়ানো হয়। ফলে গ্রেড অনুযায়ী সর্বশেষ প্রস্তাবিত মজুরি দাঁড়িয়েছে যথাক্রমে ১৮ হাজার ৮২৮, ১৭ হাজার ৮৮৭, ১৬ হাজার ৯৯৬ ও ১৫ হাজার ৭০০ টাকা।

অন্যদিকে শ্রমিকপক্ষও কয়েক ধাপে তাদের মজুরি প্রস্তাব সংশোধন করেছে। প্রথম প্রস্তাবে গ্রেড-১ এ ৪৮ হাজার টাকা, গ্রেড-২ এ ৪৩ হাজার টাকা, গ্রেড-৩ এ ৩৮ হাজার টাকা এবং গ্রেড-৪ এ ৩২ হাজার টাকা দাবি করা হয়েছিল।

দ্বিতীয় ধাপে গ্রেড-১, ২ ও ৩ থেকে ৮ হাজার টাকা এবং গ্রেড-৪ থেকে ৭ হাজার টাকা কমিয়ে নতুন প্রস্তাব দেওয়া হয়। এতে চারটি গ্রেডের মজুরি দাঁড়ায় যথাক্রমে ৪০ হাজার, ৩৫ হাজার, ৩০ হাজার ও ২৫ হাজার টাকা।

সর্বশেষ তৃতীয় প্রস্তাবে গ্রেড-১ ও ২ থেকে আরও ৫ হাজার টাকা এবং গ্রেড-৩ ও ৪ থেকে ৩ হাজার টাকা কমানো হয়। এতে গ্রেড-১ এ ৩৫ হাজার, গ্রেড-২ এ ৩০ হাজার, গ্রেড-৩ এ ২৭ হাজার এবং গ্রেড-৪ এ ২২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানিয়েছে শ্রমিকপক্ষ।

তবে দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ধরনের ব্যবধান থাকায় নতুন মজুরি কাঠামো নিয়ে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]