বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: মিরপুর-১০ ফুটপাত পুনরায় হকারমুক্ত করল ডিএনসিসি, প্রশাসকের নেতৃত্বে উচ্ছেদ অভিযান   শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সরকার চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী   জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান   ভারতের কোন এলাকায় রয়েছেন শেখ হাসিনা, জানা গেল সম্ভাব্য ঠিকানা   আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট   নারায়ণগঞ্জের সাত খুন মামলায় জিয়াউল আহসানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে: অ্যাটর্নি জেনারেল   ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে   
প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৫৬ এএম   (ভিজিট : ৩৯)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হলে প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির আওতায় ফিরতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। এক হাজার ৪০০ বাংলাদেশিকে হত্যার দায়ে অভিযুক্ত কাউকে লালগালিচা সংবর্ধনা ও ফুলের পাপড়ি ছিটিয়ে দেশে ফিরিয়ে আনার প্রত্যাশা যারা করছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রায় এক হাজার ৪০০ বাংলাদেশিকে হত্যার পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় কার্যকর করা হবে। দেশের আইন সবার শ্রদ্ধা করা উচিত। একইভাবে প্রত্যেক দেশের আইনকে সংশ্লিষ্ট দেশগুলোর সম্মান জানানো প্রয়োজন।

ময়মনসিংহের সাংবাদিকদের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জেলার উন্নয়ন ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে মতপার্থক্য ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে। বৃহত্তর স্বার্থে সব পক্ষকে নিয়ে একটি বৃহৎ সাংবাদিক পরিবার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ময়মনসিংহ বিভাগের অবকাঠামোগত উন্নয়নে তিন হাজার ৮০০ কোটি টাকার প্রকল্প নেওয়ার কথা জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রশাসনিক ও পরিকল্পনাগত প্রক্রিয়া অনুসরণ করতে হয়। ইতোমধ্যে পরিকল্পনা টিমের পর্যায়ে প্রাথমিক ধাপ সম্পন্ন হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে বিভাগের প্রতিটি উপজেলায় উন্নয়নের সুফল পৌঁছাবে।

সাংবাদিকদের কল্যাণে সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আর্থিক অসচ্ছলতা, অসুস্থতা ও নানা সংকটে সাংবাদিকদের সহায়তা দেওয়া হয়। এ খাতে অনুদানের পরিমাণ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে প্রায় ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে। পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের জন্য সহায়তা কর্মসূচি নেওয়া হয়েছে। এসব উদ্যোগের লক্ষ্য সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন।

ঢাকার যানজট পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগে শহরে যানবাহনের গতি ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার থাকলেও এখন তা বেড়ে ১১ থেকে ১২ কিলোমিটারে দাঁড়িয়েছে। যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বয়ংক্রিয় ক্যামেরা ও ট্রাফিক লাইট বসানো হয়েছে। পর্যায়ক্রমে এ ব্যবস্থা আরও বিস্তৃত করা হবে।

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, দেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জুলাই ছাত্র-জনতার আন্দোলনে সাংবাদিকরা গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তিনি।

ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি হামিদুল হক মানিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংসদ সদস্য জাকির হোসেন বাবুল, লুৎফাহিল মাজেদ বাবু, আকতারুজ্জামান বাচ্চু ও কামরুল হাসান মিলন এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স।

এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, নেত্রকোনা সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি রফিক মুহাম্মদ, টাঙ্গাইল জেলা সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা, সাংবাদিক লুৎফুল বারী হামিম, দৈনিক আজকের খবরের সম্পাদক মোশারফ হোসেন, মোহনা টেলিভিশনের হেড অব নিউজ রাশেদুল হক, সাংবাদিক বাদল সরকার, সৌরভ জাহাঙ্গীর, সিরাজুল ইসলাম, সামছুর রহমান শামস ও দেলোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব গোলাম কিবরিয়া।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]