রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: এবিজি স্পোর্টস সিটিতে সাংবাদিকদের ফুটবল ‘বিশ্বকাপ’   ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিক   সহিংসতা ও নাশকতা প্রতিরোধে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার   জমকালো আয়োজনে উন্মোচন হলো এবিজি মিডিয়া কাপের ট্রফি   তারেক রহমানের নেতৃত্বে দেশি-বিদেশি ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: সাইফুল আলম নীরব   আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা দূর হবে: পানিসম্পদমন্ত্রী   টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ফের ৫ দিনের রিমান্ড   
এবিজি স্পোর্টস সিটিতে সাংবাদিকদের ফুটবল ‘বিশ্বকাপ’
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ২:১৫ এএম   (ভিজিট : ৯৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যাঁদের প্রতিদিনের ব্যস্ততা সংবাদ সংগ্রহ ও নানা অঙ্গনের খবর তুলে ধরা, এবার তাঁরাই নামবেন ফুটবল মাঠে। হাতে কলম কিংবা কাঁধে ক্যামেরা নয়, এবার তাঁদের সঙ্গী ফুটবল। গোল করার আনন্দ, জয়ের উচ্ছ্বাস আর শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে সাংবাদিকদের সামনে অপেক্ষা করছে এবিজি মিডিয়া কাপ।

এ আয়োজন কেবল ফুটবল প্রতিযোগিতায় সীমাবদ্ধ নয়, বরং গণমাধ্যমকর্মীদের মিলনমেলায় পরিণত হওয়ার প্রত্যাশা রয়েছে। মাঠের প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি তৈরি হবে বন্ধুত্ব, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের নতুন বন্ধন।

টুর্নামেন্টের উদ্দেশ্য তুলে ধরে এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান বলেন, গণমাধ্যমকর্মীদের পেশাগত ব্যস্ততার বাইরে আনন্দ, বিনোদন ও পারস্পরিক সৌহার্দ্যের একটি পরিসর প্রয়োজন। সেই ভাবনা থেকেই মিডিয়া কাপ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের লক্ষ্য শুধু চ্যাম্পিয়ন দল নির্ধারণ নয়, বরং বিভিন্ন গণমাধ্যমের সহকর্মীদের একই মাঠে এনে প্রতিযোগিতার মধ্য দিয়ে সম্প্রীতির সংস্কৃতি গড়ে তোলা।

এবিজির পৃষ্ঠপোষকতায় ও বসুন্ধরা সিটি-২-এর সহযোগিতায় আগামী ১ ডিসেম্বর শুরু হবে টুর্নামেন্টটি। ৪৮টি মিডিয়া হাউসের অংশগ্রহণে এ আয়োজনকে স্বপ্নের বাস্তব রূপ হিসেবে দেখছেন ইমরুল হাসান। তাঁর মতে, এ আয়োজন একটি নতুন যাত্রার সূচনা এবং দেশের ক্রীড়াঙ্গনে নতুন সংযোগ তৈরির প্রয়াস।

শনিবার সন্ধ্যায় এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় টুর্নামেন্টের ট্রফি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবিজির চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। ট্রফি উন্মোচনের পাশাপাশি তিনি ঘোষণা দেন, চ্যাম্পিয়ন দল সোনালি ট্রফির সঙ্গে পাবে ৫০ লাখ টাকা।

রানার্সআপ দলের জন্যও থাকছে ২৫ লাখ টাকা পুরস্কার। এ ছাড়া টুর্নামেন্টের ১৩৫টি ম্যাচে বিভিন্ন পুরস্কার হিসেবে দেওয়া হবে প্রায় দেড় কোটি টাকা। বড় পরিসরের আয়োজন ও আকর্ষণীয় প্রাইজমানির কারণে গণমাধ্যমকর্মীদের এ ফুটবল আসর ইতোমধ্যে সংবাদপাড়ায় উৎসবের আমেজ তৈরি করেছে।

টুর্নামেন্টকে সাংবাদিকদের ‘বিশ্বকাপ’ হিসেবে অভিহিত করেছেন বিশিষ্ট ক্রীড়া বিশ্লেষক ও কলামিস্ট ইকরামউজ্জমান। তিনি ফুটবলের আনন্দমুখী দর্শনের কথা তুলে ধরে বলেন, প্রতিযোগিতা থাকলেও আনন্দের বার্তাই এবিজি মিডিয়া কাপের মূল চালিকাশক্তি হওয়া উচিত।

গণমাধ্যমকর্মীদের ফুটবল লড়াই দেখতে আগ্রহী অভিনেতা ইরফান সাজ্জাদও। তিনি বলেন, এত দিন যাঁরা ক্যামেরার পেছনে ছিলেন, এবার তাঁদের খেলা জাতীয় টেলিভিশনে সম্প্রচার হবে। এ আয়োজন তাঁর কাছে বেশ আবেগের।

টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আশাবাদী অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিরাও। যুগান্তরের অধিনায়ক জ্যোতির্ময় মণ্ডল বলেন, প্রতিটি গ্রুপেই শক্তিশালী দল রয়েছে। পরবর্তী রাউন্ডে ওঠা সহজ হবে না। তবে তিনি আশা করছেন, টুর্নামেন্টটি জমজমাট লড়াইয়ের সাক্ষী হবে।

৪৮টি মিডিয়া হাউসকে আটটি গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হবে এবিজি মিডিয়া কাপ। প্রতিটি গ্রুপের সেরা দুটি দল জায়গা করে নেবে শেষ ষোলোতে। নকআউট পর্বের লড়াই শেষে আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।

শেষ পর্যন্ত একটি দল শিরোপা জিতলেও এ আয়োজনের বড় প্রাপ্তি হবে গণমাধ্যমকর্মীদের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির নতুন বন্ধন তৈরি হওয়া। শিরোপার লড়াই মাঠে হলেও এ আয়োজনের আনন্দ ভাগাভাগি হবে পুরো গণমাধ্যম পরিবারের।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]