প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:৩২ পিএম (ভিজিট : ৭৮)

সংগৃহীত ছবি
ঝিনাইদহের কালীগঞ্জে ফেসবুকে ভিডিও বার্তা প্রকাশ করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন রায়গ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হোসেন। তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ঘোষিত স্বল্প সুদে ২০ লাখ টাকা ঋণ কর্মসূচির চূড়ান্ত তালিকায় নাম না থাকায় হতাশা ও ক্ষোভ থেকে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে নিজের ফেসবুক পেজে ৮ মিনিট ২০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন শামীম। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘দালালে ভরা হাইব্রিড বিএনপির রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম, আল্লাহ হাফেজ।’
স্থানীয় সূত্রে জানা গেছে, তরুণ উদ্যোক্তাদের জন্য সরকার ঘোষিত স্বল্প সুদে ২০ লাখ টাকা ঋণ কর্মসূচিতে আবেদন করেছিলেন শামীম। প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত হয়ে খুলনায় বাংলাদেশ ব্যাংকের শাখায় মৌখিক পরীক্ষায়ও অংশ নেন তিনি। তবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত কালীগঞ্জ উপজেলার চূড়ান্ত ছয়জনের তালিকায় তার নাম না থাকায় হতাশ হন শামীম। এর পরই ভিডিও বার্তায় রাজনীতি ছাড়ার ঘোষণা দেন তিনি।
ভিডিও বক্তব্যে শামীম অভিযোগ করেন, দলের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করলেও দল ক্ষমতায় আসার পর তিনি অবহেলার শিকার হয়েছেন। ছাত্রদলের রাজনীতি করতে গিয়ে তার বিরুদ্ধে চারটি মামলা হয়েছে, শিক্ষাজীবনের দুই বছর নষ্ট হয়েছে এবং ৮৭ দিন কারাগারে থাকতে হয়েছে বলেও দাবি করেন তিনি।
শামীম জানান, তার পাখি ও কবুতরের খামারের পাশাপাশি গরুর খামার রয়েছে। ঋণটি পেলে খামার সম্প্রসারণ করে আরও ভালো কিছু করার পরিকল্পনা ছিল তার। কিন্তু চূড়ান্ত তালিকায় নাম না থাকায় হতাশ হয়ে দলীয় পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে ছাত্রদলের কোনো মিছিল, সভা, সমাবেশ বা কর্মসূচিতে অংশ না নেওয়ার ঘোষণা দেন তিনি।
শামীম হোসেন বলেন, কারও প্ররোচনায় কিংবা কাউকে ছোট করার উদ্দেশ্যে ভিডিওটি প্রকাশ করেননি। দলের জন্য নিজের ক্যারিয়ারের অনেক ক্ষতি করেছেন, কিন্তু ক্ষমতায় আসার পর অবহেলার শিকার হয়েছেন। সেই হতাশা থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল বলেন, শামীমের ভিডিও পোস্টটি তিনি দেখেছেন। ব্যস্ততার কারণে এখনো তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে যোগাযোগের চেষ্টা করছেন।