রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিক   সহিংসতা ও নাশকতা প্রতিরোধে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার   জমকালো আয়োজনে উন্মোচন হলো এবিজি মিডিয়া কাপের ট্রফি   তারেক রহমানের নেতৃত্বে দেশি-বিদেশি ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: সাইফুল আলম নীরব   আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা দূর হবে: পানিসম্পদমন্ত্রী   টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ফের ৫ দিনের রিমান্ড   হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৫ জন   
পর্যটন উন্নয়ন, নাকি বাণিজ্যিক স্বার্থ? কার্নিভাল ঘিরে কক্সবাজারে তোলপাড়
মোহাম্মদ শফিক, কক্সবাজার জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:৫৭ এএম   (ভিজিট : ১৪৯)

পর্যটন উন্নয়নের নামে কক্সবাজার সমুদ্রসৈকতসংলগ্ন সংরক্ষিত ঝাউবাগান, বালিয়াড়ি ও প্রাকৃতিক জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত করার অভিযোগে বিতর্কের মুখে পড়েছে সরকারি উদ্যোগে আয়োজিত পর্যটন কার্নিভাল। কবিতা চত্বর পয়েন্টে কার্নিভাল আয়োজন ঘিরে ঝাউবাগানের ভেতরে ইটের রাস্তা, কংক্রিটের স্থাপনা, গাছের গায়ে পেরেক মেরে লাইটিং ও রাইডিংয়ের সরঞ্জাম স্থাপনসহ নানা কর্মকাণ্ডে পরিবেশসচেতন মহলে ক্ষোভ বাড়ছে। একই সঙ্গে আয়োজনের আর্থিক চুক্তি, সরকারি সম্পদের ব্যবহার, সাধারণ মানুষের চলাচলের পথ বন্ধ এবং কার্নিভালের প্রকৃত উদ্দেশ্য নিয়েও উঠেছে নানা প্রশ্ন।

শুরুতে পরিবেশগত উদ্বেগের মধ্যে সীমাবদ্ধ থাকলেও কার্নিভাল ঘিরে বিতর্ক এখন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে। পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দ, স্থানীয় সচেতন নাগরিক, ছাত্র প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের সমালোচনায় ক্রমেই জোরালো হচ্ছে প্রতিবাদ। ফলে প্রশ্ন উঠেছে—এ আয়োজন সত্যিই পর্যটন উন্নয়নের জন্য, নাকি এর আড়ালে প্রাধান্য পাচ্ছে বাণিজ্যিক স্বার্থ?
ঝাউবাগানের ভেতরে ইট-কংক্রিটের স্থাপনা, গাছের গায়ে পেরেক
কক্সবাজারের হোটেল শৈবাল এলাকা শহরের অন্যতম সবুজ ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান। ঝাউবন, বালিয়াড়ি ও প্রাকৃতিক পরিবেশের কারণে এটি স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দেশি-বিদেশি পর্যটকদের কাছেও আকর্ষণীয়।
অথচ সেই প্রাকৃতিক পরিবেশের মধ্যেই কার্নিভালের অবকাঠামো নির্মাণ ও আলোকসজ্জার আয়োজন নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। 

অভিযোগ রয়েছে, ঝাউগাছের গায়ে পেরেক মেরে বৈদ্যুতিক লাইট ও বিভিন্ন সরঞ্জাম স্থাপন করা হচ্ছে। পাশাপাশি বালিয়াড়ির ওপর ইটের রাস্তা ও কংক্রিটের স্থাপনা নির্মাণ করা হয়েছে। এতে ঝাউগাছের স্বাভাবিক বৃদ্ধি, বালিয়াড়ির স্থিতিশীলতা এবং প্রাকৃতিক জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন পরিবেশসচেতন ব্যক্তিরা।
এর আগে পর্যটন করপোরেশনের জিএম এহসানুল কবির বাপ্পি সাংবাদিক সম্মেলনে দাবি করেছিলেন, ইকোসিস্টেম ঠিক রেখেই কার্নিভালের আয়োজন করা হচ্ছে। কিন্তু বাস্তবে ঝাউবাগানের ভেতরে ইটের রাস্তা, কংক্রিটের স্থাপনা ও গাছের গায়ে পেরেক মেরে আলোকসজ্জার আয়োজন কতটা পরিবেশবান্ধব—তা নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা।

পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দের প্রশ্ন, ইকোসিস্টেম অক্ষুণ্ন রাখার প্রতিশ্রুতি দেওয়া হলে ঝাউবাগানের ভেতরে এসব স্থাপনা নির্মাণের প্রয়োজন হলো কেন?
রাজনৈতিক অঙ্গনেও বাড়ছে ক্ষোভ, উঠছে কোটি টাকার অভিযোগ
কার্নিভাল ঘিরে পরিবেশগত বিতর্ক এবার রাজনৈতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে। কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুল আলম মিজান ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে অভিযোগ করেছেন, “কক্স কার্নিভালের নাম দিয়ে দেশি-বিদেশি বিভিন্ন স্পন্সরের কাছ থেকে কোটি কোটি টাকা উৎসকোচ নিয়ে কক্সবাজারকে ব্র্যান্ডিংয়ের নামে হরিলুট করা হয়েছে।”

তাঁর এমন বক্তব্যকে কেন্দ্র করে সাধারণ মানুষের পাশাপাশি সংশ্লিষ্ট রাজনৈতিক মহলেও আলোচনা ও অভ্যন্তরীণ টানাপোড়েন তৈরি হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে ছাত্র প্রতিনিধি ও জুলাই যোদ্ধা সাহাব উদ্দিন তাঁর ফেসবুক ওয়ালে লিখেছেন, “বাণিজ্য মেলার পাশে এই পর্যটন কার্নিভাল কক্সবাজারে কোনো প্রয়োজনই ছিল না। বরং কক্সবাজারের ঝাউগাছ হুমকির মুখে পড়তে শুরু করেছে।”

তিনি আরও অভিযোগ করেন, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদের স্বাভাবিকীকরণ করে এ আয়োজনের মাধ্যমে শতকোটি টাকার হরিলুট করা হচ্ছে। তাঁর ভাষায়, কক্সবাজারবাসীর সম্পদ ধ্বংস করতে দেওয়া যাবে না। অবিলম্বে বিতর্কিত কার্নিভাল বন্ধ করতে হবে।

রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের এসব বক্তব্যের মধ্য দিয়ে কার্নিভালের আয়োজন, ব্যয় এবং উদ্দেশ্য নিয়ে সমালোচনা আরও তীব্র হচ্ছে।
৮০ শতাংশ বেসরকারি প্রতিষ্ঠানের, ২০ শতাংশ পর্যটন করপোরেশনের—লাভের হিসাব কোথায়?

A in andকার্নিভালের আর্থিক চুক্তি নিয়েও তৈরি হয়েছে নতুন বিতর্ক। বেসরকারি সংস্থা ‘স্পেল বাউন্স’-এর কর্মকর্তা ভাস্কর জানিয়েছেন, এ আয়োজনের বিষয়ে পর্যটন করপোরেশনের সঙ্গে তাঁদের ২০ শতাংশ এবং বেসরকারি প্রতিষ্ঠানের ৮০ শতাংশ অংশীদারত্বের চুক্তি হয়েছে।

এই তথ্য সামনে আসার পর সরকারি সম্পদ ব্যবহার করে আয়োজিত একটি বাণিজ্যিক অনুষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানের প্রাপ্তি কতটুকু, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা।

তাঁদের প্রশ্ন, সরকারি পর্যটন সম্পদ ব্যবহারের বিনিময়ে রাষ্ট্র ও স্থানীয় জনগণ কী পাচ্ছে? চুক্তির আর্থিক কাঠামো, আয়-ব্যয়ের হিসাব এবং সরকারি সম্পদ ব্যবহারের শর্তাবলি কেন জনসম্মুখে প্রকাশ করা হবে না? আয়োজন প্রত্যাশিত ব্যবসায়িক সাফল্য না পেলে কিংবা পরিবেশের ক্ষতি হলে তার দায়ভার কে নেবে?
সচেতন মহলের দাবি, চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ, সরকারি প্রতিষ্ঠানের রাজস্ব প্রাপ্তি এবং আয়োজকদের আর্থিক দায়বদ্ধতা প্রকাশ করা হোক।

ঝাউবন রক্ষায় বেলার লিখিত আবেদন
কার্নিভাল ঘিরে পরিবেশগত উদ্বেগের মধ্যে এবার সংরক্ষিত ঝাউবন রক্ষায় সরব হয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। পর্যটন কার্নিভাল আয়োজনের নামে সমুদ্রসৈকতসংলগ্ন সংরক্ষিত ঝাউবন নিধন অবিলম্বে বন্ধ এবং এ কাজে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার (১৮ নভেম্বর) বেলার পক্ষ থেকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, বন অধিদপ্তর ও কক্সবাজার জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট আটটি দপ্তরের কর্মকর্তাদের কাছে লিখিত আবেদন পাঠানো হয়েছে।

এদিকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সভাপতি এম জাফর আলম দিদার, সাবেক মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন, আমরা কক্সবাজারবাসীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বাপার সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, বেলা চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মনিরা পারভীন, আমরা কক্সবাজারবাসীর সহসভাপতি মাহবুবুল আলম, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি তনয় দাস সবুল এবং জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিনসহ পরিবেশ আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য ও অবস্থানের মধ্য দিয়ে ঝাউবন রক্ষার দাবি আরও জোরালো হয়েছে।

সাধারণ মানুষের চলাচলের পথ বন্ধ, ক্ষোভ স্থানীয়দের
কার্নিভাল আয়োজন ঘিরে স্থানীয়দের আরেকটি অভিযোগ হলো, সৈকতে পর্যটক ও বাসিন্দাদের দীর্ঘদিনের ব্যবহৃত একটি পুরোনো চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, প্রাকৃতিক পরিবেশ রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলের অধিকারও গুরুত্বপূর্ণ। অথচ একটি বাণিজ্যিক আয়োজনের জন্য দীর্ঘদিনের ব্যবহৃত পথ বন্ধ করে দেওয়ায় তাঁদের ভোগান্তি বেড়েছে।

তাঁদের প্রশ্ন, সাধারণ মানুষের চলাচলের পথ বন্ধ করে কার স্বার্থে এই আয়োজন? পর্যটন উন্নয়নের নামে স্থানীয়দের ভোগান্তি বাড়ানো কতটা যৌক্তিক?

পরিবেশের ক্ষতির দায় নেবে কে?
কক্সবাজারের পর্যটন মানে শুধু মেলা, আলোকসজ্জা কিংবা অস্থায়ী বাণিজ্যিক আয়োজন নয়। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, বিস্তীর্ণ সৈকত, বালিয়াড়ি ও ঝাউবনই পর্যটনের অন্যতম প্রধান সম্পদ।

সেই সম্পদ ক্ষতিগ্রস্ত করে সাময়িক বাণিজ্যিক আয়োজন কতটা টেকসই পর্যটন উন্নয়নের অংশ, তা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।

কার্নিভালের সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো আয়োজন শেষে চলে যাবে। কিন্তু ঝাউবন, বালিয়াড়ি ও জীববৈচিত্র্যের কোনো ক্ষতি হলে তা পুনরুদ্ধারের দায়িত্ব কে নেবে? সরকারি সম্পদ ও প্রাকৃতিক পরিবেশ ব্যবহারের অনুমোদন কী শর্তে দেওয়া হয়েছে? পরিবেশগত প্রভাব যাচাই করা হয়েছে কি না—এসব প্রশ্নেরও স্পষ্ট জবাব চান স্থানীয় সচেতন নাগরিকরা।

এদিকে পরিবেশ ধ্বংসের অভিযোগে অভিযুক্ত এ আয়োজনকে এলাকার সংসদ সদস্য সমর্থন না করায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহলের কেউ কেউ।

পরিবেশসচেতন নাগরিকদের দাবি, অবিলম্বে ঝাউবাগানের ভেতরে সব ধরনের ক্ষতিকর নির্মাণকাজ ও গাছের গায়ে পেরেক মেরে স্থাপনা বসানোর কাজ বন্ধ করতে হবে। পাশাপাশি কার্নিভালের অনুমোদন, চুক্তির শর্ত, আয়-ব্যয়ের হিসাব, পরিবেশগত প্রভাব এবং সরকারি সম্পদ ব্যবহারের বৈধতা প্রকাশ করে নিরপেক্ষ তদন্ত করতে হবে।

সব মিলিয়ে কক্সবাজারের পর্যটন কার্নিভাল এখন আর শুধু একটি উৎসব বা বাণিজ্যিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি ঘিরে সামনে এসেছে পরিবেশ সংরক্ষণ, সরকারি সম্পদের স্বচ্ছ ব্যবহার, স্থানীয় জনগণের অধিকার এবং পর্যটন উন্নয়নের প্রকৃত দর্শন নিয়ে গুরুত্বপূর্ণ বিতর্ক।

কক্সবাজারবাসীর দাবি—পর্যটন উন্নয়নের নামে প্রাকৃতিক সম্পদ ধ্বংস নয়; আগে রক্ষা করতে হবে ঝাউবন, বালিয়াড়ি ও জীববৈচিত্র্য। কারণ কার্নিভাল সাময়িক, কিন্তু ঝাউবন কক্সবাজারের দীর্ঘস্থায়ী প্রাকৃতিক সম্পদ।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]