শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: আলেম-ওলামা ও ছাত্র-জনতার ওপর নির্যাতন আর মেনে নেবে না দেশের মানুষ: ধর্ম প্রতিমন্ত্রী   ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, চার উপজেলায় সরাসরি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী   দেশে অশান্তি সৃষ্টির অপচেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি   ২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড ডে মিল, খাবার পাবে ১ কোটি ১০ লাখ শিশু   ‘বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর ফিরতে পারবে না’: স্বরাষ্ট্রমন্ত্রী   বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পৌঁছালেন ১০৩ বাংলাদেশি কর্মী   হাসিনাকে ঘিরে বাংলাদেশ-ভারত সম্পর্কে অচলাবস্থা, দিল্লির সামনে কী বিকল্প?   
থানা ও ট্রেন চলাচল বন্ধ, মোবাইল ব্যাংকিংয়ে বিঘ্ন, ভোগান্তিতে গোপালগঞ্জবাসী
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:২৭ পিএম   (ভিজিট : ১৩৭)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গোপালগঞ্জে সহিংসতার জেরে একের পর এক জনসেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। থানার কার্যক্রম বন্ধ, মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন বিঘ্নিত, ট্রেন চলাচল স্থগিত এবং সরকারি বরাদ্দ বন্ধের খবরে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

এসব সেবা ব্যাহত হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। জরুরি প্রয়োজনে টাকা লেনদেন, পুলিশের সহায়তা পাওয়া এবং স্বল্প খরচে যাতায়াতের সুযোগ না থাকায় দৈনন্দিন জীবনযাত্রায় তৈরি হয়েছে নানা সংকট।

গত বুধবার রাত থেকে বিকাশসহ কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন গ্রাহকেরা। জরুরি প্রয়োজনে টাকা উত্তোলন কিংবা স্বজনদের কাছে পাঠাতে না পেরে অনেকেই এজেন্টের দোকান থেকে ফিরে যাচ্ছেন। এতে আর্থিক লেনদেনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন মোবাইল ব্যাংকিংয়ের ক্ষুদ্র উদ্যোক্তারাও।

বৃহস্পতিবার ও শুক্রবার সকালে জেলার বিভিন্ন এলাকার বিকাশ, রকেট, নগদ ও উপায়ের এজেন্ট পয়েন্ট ঘুরে দেখা যায়, লেনদেন বন্ধের বার্তা পেয়ে অনেক গ্রাহক টাকা তুলতে বা পাঠাতে না পেরে ফিরে যাচ্ছেন। বিশেষ করে জরুরি প্রয়োজনে টাকা পাঠানোর ওপর নির্ভরশীল নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ বেশি ভোগান্তিতে পড়েছেন।

শহরের ফুটপাতের চা বিক্রেতা আরিফুল বলেন, ‘শহরে চা বিক্রি করে সংসার চালাই। ধানের বীজ কেনার জন্য বাবার কাছে টাকা পাঠাতে গিয়ে দেখি বিকাশ অ্যাকাউন্টে লেনদেন বন্ধ। এখন টাকা তুলতে না পারায় বিপাকে পড়েছি। বীজ কেনার জন্য প্রায় সাত হাজার টাকা প্রয়োজন। কীভাবে এই টাকা জোগাড় করব বুঝতে পারছি না। সময়মতো বীজ কিনে বীজতলা তৈরি করতে না পারলে ধানের চারা রোপণে দেরি হবে। এতে আর্থিক ক্ষতি হবে।’

দুর্গাপুর গ্রামের ব্যবসায়ী পবিত্র বিশ্বাস জানান, তাঁর ছেলে ঢাকায় থেকে পড়াশোনা করে। রাতে ফোন করে ছেলে মেসের খাবারের বিল পরিশোধের জন্য টাকা চায়। সকালে টাকা পাঠাতে গিয়ে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধের বার্তা পান তিনি।

পবিত্র বিশ্বাস বলেন, ‘পরে ঢাকাগামী একটি বাসের সুপারভাইজারের কাছে অনুরোধ করে ১০০ টাকা অতিরিক্ত দিয়ে ছেলের কাছে দুই হাজার টাকা পাঠানোর ব্যবস্থা করি।’

মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত হওয়ায় এজেন্ট ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন। বিকাশ এজেন্ট বুলবুল মোল্লা বলেন, ‘সারাদিনে ব্যবসা অনেক কম হয়েছে। জেলার অধিকাংশ বিকাশ অ্যাকাউন্টে লেনদেন বন্ধ থাকায় গ্রাহক আসছেন কম। ফলে আমাদের আয়-রোজগারও কমে গেছে। বিকাশের পাশাপাশি নগদ, উপায় ও রকেটের কিছু অ্যাকাউন্টেও সমস্যা হচ্ছে। যাদের বড় অঙ্কের লেনদেন রয়েছে, মূলত তাদের অ্যাকাউন্ট বন্ধ রয়েছে বলে জানতে পেরেছি।’

রকেট ব্যাংকিংয়ের এরিয়া ম্যানেজার হাবীবুর রহমান বলেন, রকেট অ্যাকাউন্ট বন্ধ রাখার বিষয়ে সরকারি বা দাপ্তরিক কোনো সিদ্ধান্ত তাঁরা পাননি। তবে অ্যাকাউন্ট বন্ধ হওয়ার অভিযোগ পেয়েছেন। গ্রাহকদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে বলা হয়েছে। কী কারণে এ সমস্যা তৈরি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিকাশের এরিয়া ম্যানেজার মারুফ হাসান সজিব বলেন, কোনো এজেন্ট নম্বর বন্ধ করা হয়নি। তবে গোপালগঞ্জের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে খোলা অধিকাংশ অ্যাকাউন্টে এ ধরনের সমস্যা হয়েছে। তাঁর ধারণা, বেশি লেনদেন হওয়া অ্যাকাউন্টগুলো নজরদারিতে রাখতেই সরকার হয়তো এ সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকে থানাগুলোর কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে পুলিশের নিয়মিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। জানমালের নিরাপত্তায় পুলিশের সহায়তা না পেয়ে উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন তাঁরা।

অন্যদিকে, গোপালগঞ্জ-ঢাকা ও গোপালগঞ্জ-রাজশাহী রুটে দীর্ঘদিন ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কবে নাগাদ এসব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা নিশ্চিত করে বলতে পারছেন না সংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে নিয়মিত যাতায়াতকারী হাজারো যাত্রী দুর্ভোগে পড়েছেন। স্বল্প খরচে ও নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে ক্ষোভ প্রকাশ করছেন অনেকে।

শহরের বাসিন্দা টোটন বিশ্বাসের একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে রাজশাহী যাওয়ার কথা রয়েছে। একইভাবে ব্যবসায়িক কাজে রাজশাহী যেতে পারছেন না ব্যবসায়ী শামীম কাজী। তাঁদের মতো অনেকেই ট্রেন চলাচল বন্ধ থাকায় বিকল্প পরিবহনের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, গোপালগঞ্জে সহিংসতার ঘটনা ঘটলেই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ভোগান্তিতে পড়েন নিয়মিত এই রুটে যাতায়াতকারী সাধারণ যাত্রীরা। তবে ট্রেন চলাচল পুনরায় কবে শুরু হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

এ ছাড়া গোপালগঞ্জের নামে সরকারি বিভিন্ন খাতের বরাদ্দ স্থগিত করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম ও লোকমুখে খবর ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, সহিংসতা ও অরাজকতা সৃষ্টিকারীদের দায়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা উচিত নয়। তাঁদের মতে, অপরাধে জড়িত মানুষের সংখ্যা তুলনামূলক কম হলেও এর প্রভাব পড়ছে জেলার অধিকাংশ বাসিন্দার ওপর। বিষয়টি সরকারকে বিবেচনায় নেওয়া প্রয়োজন।

এ অবস্থায় সাধারণ গ্রাহকদের দুর্ভোগ কমাতে জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে হলেও মোবাইল ব্যাংকিং লেনদেন চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তাঁদের মতে, অনিয়ম বা নিরাপত্তাজনিত কারণে নির্দিষ্ট কোনো অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে যাচাই-বাছাই করে তা করা যেতে পারে। তবে এর প্রভাব যেন সাধারণ গ্রাহক, কৃষক, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

একই সঙ্গে বন্ধ থাকা থানার কার্যক্রম, ট্রেন চলাচলসহ অন্যান্য সরকারি ও জরুরি সেবা দ্রুত স্বাভাবিক করার দাবি জানিয়েছেন গোপালগঞ্জের সাধারণ মানুষ।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]