
সংগৃহীত ছবি
আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফরকালে সাম্প্রতিক হামলা ও সংঘর্ষের ঘটনা নিয়ে তাঁর কাছে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। এ সময় বিএনপি নেতাদের নাম উল্লেখ করে তাঁদের কর্মকাণ্ডের বিষয়টিও প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরবেন বলে জানান তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া শহরে জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আমির হামজা দাবি করেন, বালুঘাটের ইজারা, অপরিকল্পিতভাবে বালু উত্তোলন এবং সড়কের বেহাল অবস্থাকে কেন্দ্র করে সাম্প্রতিক বিরোধের সূত্রপাত হয়েছে। সড়ক সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়হীনতা এবং দায়িত্ব এড়িয়ে যাওয়ার অভিযোগও তোলেন তিনি।
তিনি বলেন, আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় আসবেন। সেদিন তাঁর কাছে পুরো ঘটনা তুলে ধরবেন। কারা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখারও দাবি জানাবেন। বিএনপি নেতাদের নাম উল্লেখ করে তাঁদের কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করবেন।
বালুঘাটে চাঁদাবাজির অভিযোগ তুলে আমির হামজা বলেন, একটি ভিডিওতে শাজাহান আলীকে প্রথমে ৩০ হাজার, পরে ৫০ হাজার এবং বর্তমানে প্রতিদিন এক লাখ টাকা নেওয়ার কথা বলতে শোনা গেছে। জামায়াতে ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে বলেও দাবি করেন তিনি।
জামায়াতের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, সারা দেশে জামায়াতের মতো রাজনীতি করলে জনগণ তাদের পাশে থাকবে। তাঁর দাবি, জামায়াত মিথ্যা মামলা বাণিজ্য, চাঁদাবাজি কিংবা মানুষের সঙ্গে প্রতারণা করে না। এত দিন নানা অভিযোগ তুলে দলটিকে বিতর্কিত করার চেষ্টা করা হলেও তা সফল হয়নি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে আমির হামজা বলেন, শুধু কুষ্টিয়া নয়, দেশের কোথাও পরিস্থিতি স্বাভাবিক নেই। গত ৫৫ বছরের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে বলে মন্তব্য করেন তিনি। কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) ব্যর্থ উল্লেখ করে তাঁদের দায়িত্ব পালনের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য।
কারাগারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কুষ্টিয়ার কোথাও মানুষ নিরাপদ নয়। দেশে গভীর ষড়যন্ত্র চলছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত থাকলে মানুষের বাড়িঘর, জানমাল ও সম্মান রক্ষা করা কঠিন হয়ে পড়বে।
প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরকে স্বাগত জানিয়ে আমির হামজা বলেন, প্রধানমন্ত্রী দল-মতনির্বিশেষে সবার। তাঁর আগমন ঘিরে জেলাজুড়ে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও উন্নয়নমূলক কাজের উদ্যোগকেও স্বাগত জানান তিনি।
এ সময় আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন তোলেন আমির হামজা। তিনি বলেন, সংসদে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে অন্যদিকে তাদের সঙ্গে নিয়ে বালুঘাট পরিচালনা করা হলে কথার সঙ্গে কাজের মিল থাকে না।
উল্লেখ্য, বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া এলাকায় বালুঘাটের বিরোধকে কেন্দ্র করে জামায়াত নেতা মো. শাজাহানের কার্যালয় ও বাড়িতে হামলা, ভাঙচুর এবং গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন।
জামায়াত নেতা শাজাহানের অভিযোগ, গড়াই নদ থেকে বালু পরিবহনের ট্রাক চলাচলে এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ কারণে সংসদ সদস্য আমির হামজা সম্প্রতি সেখানে গিয়ে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন। পরে জামায়াত নেতাকর্মীরা সড়কে প্রতিবন্ধকতা তৈরি করলে বিএনপির নেতাকর্মীরা তাঁর কার্যালয় ও বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও গুলিবর্ষণ করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির নেতাকর্মীরা। তাঁদের দাবি, জামায়াত নেতা শাজাহান আগে বালুমহল থেকে প্রতিদিন ৫০ হাজার টাকা চাঁদা নিতেন, যা পরে বাড়িয়ে এক লাখ টাকা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলার ঘটনাটি সাজানো বলেও দাবি করেন তাঁরা।