প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৩:২৬ পিএম (ভিজিট : ৪২)

সংগৃহীত ছবি
উপজেলাভিত্তিক নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে তরুণদের জামানতবিহীন ২০ লাখ টাকা করে অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে উদ্যোক্তাকে এ সুবিধা দেওয়া হবে। এর মধ্যে ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা বাণিজ্যিক ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে অনুদান হিসেবে দেওয়া হবে।
ইতিমধ্যে দেশের আট জেলার ৬৪টি উপজেলার ৬৪০ জন উদ্যোক্তাকে প্রাথমিকভাবে বাছাই করেছে বাংলাদেশ ব্যাংক। জেলাগুলো হলো- ভোলা, ফেনী, মানিকগঞ্জ, ঝিনাইদহ, নওগাঁ, হবিগঞ্জ, নেত্রকোনা ও রংপুর।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাছাই করা উদ্যোক্তাদের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রথম ধাপে আটটি জেলা থেকে আবেদন আহ্বান করা হয়েছিল। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংশ্লিষ্ট উপজেলার তফসিলি ব্যাংকের শাখায় তরুণ উদ্যোক্তারা আবেদন জমা দেন। আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়া হয় ৭ থেকে ১০ নভেম্বর পর্যন্ত।
জেলাভিত্তিক আবেদনের পরিসংখ্যানে দেখা যায়, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি, ফেনীতে ১ হাজার ২৬১টি, নওগাঁয় ২ হাজার ৪৫৬টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, রংপুরে ২ হাজার ৭৪৫টি এবং নেত্রকোনায় ৫ হাজার ৩৫১টি আবেদন জমা পড়ে।
এদিকে, বাকি ৫৬টি জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকেও আবেদন গ্রহণ করছে বাংলাদেশ ব্যাংক। গত ১ নভেম্বর শুরু হওয়া এ আবেদন প্রক্রিয়া চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, জামানতবিহীন এ অর্থ নির্ধারিত ব্যবসায়িক কাজে ব্যবহার করতে হবে এবং ঋণের কিস্তি যথাসময়ে পরিশোধ করতে হবে। কোনো উদ্যোক্তা কর্মসূচির শর্ত ভঙ্গ করলে কিংবা ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হলে অনুদান হিসেবে পাওয়া ১০ লাখ টাকাও ঋণে রূপান্তরিত হবে। পরবর্তী সময়ে আইন অনুযায়ী ওই অর্থ আদায় করা হবে।