
সংগৃহীত ছবি
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের চার বিচারপতিকে অপসারণের দাবিতে প্রধান বিচারপতিকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
অপসারণের দাবি জানানো চার বিচারপতি হলেন শেখ হাসান আরিফ, জে বি এম হাসান, মো. আশরাফুল কামাল ও কে এম কামরুল কাদের।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ আলটিমেটাম দেন সংগঠনটির নেতারা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশজুড়ে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা অভিযুক্ত চার বিচারপতিকে ‘ফ্যাসিবাদের দোসর’ বলে আখ্যায়িত করেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল অভিযোগ করেন, বিচার বিভাগে এখনো ষড়যন্ত্র চলছে। তাঁর দাবি, সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবনে বিকেল ৪টার পর কয়েকজন বিচারপতি গোপনে বৈঠক করছেন। পর্যায়ক্রমে তাঁদের নাম প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত চার বিচারপতিকে অব্যাহতি দেওয়া না হলে বিচারপতি মো. আশরাফুল কামাল ও শেখ হাসান আরিফকে চেম্বার ও বেঞ্চ থেকে নামিয়ে দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে।
বিচারপতি মো. আশরাফুল কামালের বিরুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে সজল প্রশ্ন করেন, এমন ব্যক্তি কীভাবে এখনো সরকারি বেতন নিচ্ছেন।
বিচারপতি কে এম কামরুল কাদেরের বিষয়ে তিনি বলেন, সরকারি চাকরিতে কোটা-সংক্রান্ত একটি রায় বিচারপতি খিজির হায়াতের সঙ্গে তিনিও দিয়েছিলেন। খিজির হায়াতকে বাদ দেওয়া হলেও কামরুল কাদেরকে বহাল রাখায় বৈষম্য হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ছাড়া অভিযুক্ত বিচারপতিদের সন্তানদের বিরুদ্ধে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পক্ষে লন্ডনে প্রচার চালানোর অভিযোগ করেন সজল। বিশেষ করে বিচারপতি জে বি এম হাসানের ছেলে হাসান লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার পক্ষে স্মারকলিপি দিয়েছেন বলে দাবি করেন তিনি।
সমাবেশের আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মাজার গেট ও বাংলাদেশ বার কাউন্সিল-সংলগ্ন গেট প্রদক্ষিণ করে পুনরায় সমিতি প্রাঙ্গণে এসে শেষ হয়।
কর্মসূচিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক মাহবুবুর রহমান খানসহ কয়েকশ আইনজীবী অংশ নেন।