প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২:০৫ পিএম (ভিজিট : ১০৮)

সংগৃহীত ছবি
শীত পুরোপুরি আসার আগেই নভেম্বরের রাতের আকাশে দেখা মিলতে যাচ্ছে এক মনোমুগ্ধকর মহাজাগতিক দৃশ্যের। চলতি মাসে লিওনিড উল্কাবৃষ্টির সৌন্দর্য উপভোগ করতে পারবেন আকাশপ্রেমীরা। আবহাওয়া অনুকূলে থাকলে কোনো যন্ত্র ছাড়াই খালি চোখে দেখা যাবে এই উল্কাবৃষ্টি।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে লিওনিড উল্কাবৃষ্টি দেখার সবচেয়ে ভালো সুযোগ তৈরি হবে। এ সময় প্রতি ঘণ্টায় প্রায় ১০ থেকে ১৫টি উল্কা রাতের আকাশে ছুটে যেতে পারে। উল্কাগুলোকে আকাশে জ্বলন্ত আলোর রেখার মতো দেখা যায়, যা সাধারণত তারাখসা নামে পরিচিত।
নাসা জানিয়েছে, ‘টেম্পল-টুটল’ (৫৫পি/টেম্পল-টুটল) নামের একটি ধূমকেতুর ফেলে যাওয়া ধুলাবালি ও ক্ষুদ্র কণার মধ্য দিয়ে পৃথিবী অতিক্রম করার সময় এ উল্কাবৃষ্টির সৃষ্টি হয়। ৬ নভেম্বর শুরু হওয়া এই মহাজাগতিক ঘটনা চলতে পারে ৩০ নভেম্বর পর্যন্ত।
তবে উল্কাবৃষ্টি দেখার সবচেয়ে উপযুক্ত সময় ১৭ নভেম্বর দিবাগত মধ্যরাত থেকে ১৮ নভেম্বর ভোর পর্যন্ত। এ সময় মধ্যরাতের দিকে চাঁদ অস্ত যাওয়ায় আকাশ তুলনামূলক অন্ধকার থাকবে। ফলে উল্কা দেখার সম্ভাবনাও বাড়বে।
এ সময় সিংহ রাশির কাছাকাছি আকাশে উজ্জ্বল অবস্থায় বৃহস্পতি ও মঙ্গল গ্রহও দেখা যেতে পারে। উল্কাবৃষ্টি উপভোগ করতে বাইনোকুলার বা টেলিস্কোপের প্রয়োজন হবে না। খালি চোখেই উপভোগ করা যাবে এই বিরল মহাজাগতিক দৃশ্য।
বিশেষজ্ঞদের পরামর্শ, উল্কাবৃষ্টি ভালোভাবে দেখতে শহরের আলোকদূষণ থেকে দূরে কোনো খোলা জায়গা বেছে নিতে হবে। আকাশ পরিষ্কার থাকলে পূর্ব দিগন্তের দিকে নজর রাখলেই দেখা মিলতে পারে আলোর ঝলকানিতে ভরা এই মহাজাগতিক আয়োজনের।