প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৩:২৩ পিএম (ভিজিট : ৩২)

সংগৃহীত ছবি
কুষ্টিয়া জেলা কারাগারে একই দিনে দ্বিতীয় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে কারাগারের আবাসিক কোয়ার্টারের টিনের চালে ককটেল নিক্ষেপ করা হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিকেল সাড়ে ৪টার দিকে জেলখানা মোড় থেকে কালিশংকপুর কদমতলা মোড়ের সড়কের বাম পাশে অবস্থিত জেলা কারাগারের সীমানার ভেতরে এ ঘটনা ঘটে।
এর আগে একই দিন ভোর ৫টার দিকে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত কারাগারের মূল ফটকের সামনে একটি ককটেল নিক্ষেপ করে।
জেলা কারাগারের সুপার শরিফুল আলম জানান, বিকেলে বিকট শব্দ শুনে খোঁজখবর নেওয়া হয়। পরে কারাগারের কালিশংকপুর মোড়সংলগ্ন আবাসিক কোয়ার্টারের টিনের চালে বিস্ফোরণের বিষয়টি জানা যায়।
তিনি জানান, গাছের পাতা ও ডালপালার সঙ্গে ককটেলটি বিস্ফোরিত হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে টেপ দিয়ে মোড়ানো প্লাস্টিকের বস্তুর মতো একটি বস্তু উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
কুষ্টিয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, গাছের ডালপালা ও পাতার সঙ্গে বিস্ফোরণ হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত চলছে।