প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:০০ এএম (ভিজিট : ৮৯)

সংগৃহীত ছবি
গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। তবে পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে তারা মহাসড়ক ছেড়ে চলে যান। এদিকে কোনাবাড়িসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একদল শ্রমিক মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে গাজীপুরের কোনাবাড়ি, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় নতুন করে ছুটি ঘোষণা করা হয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
এ ছাড়া সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীর চালা ও কেওয়াসহ বেশ কয়েকটি এলাকার কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, জেলার শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কারখানার উৎপাদন সচল রাখতে পুলিশ কাজ করছে।