শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: আলেম-ওলামা ও ছাত্র-জনতার ওপর নির্যাতন আর মেনে নেবে না দেশের মানুষ: ধর্ম প্রতিমন্ত্রী   ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, চার উপজেলায় সরাসরি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী   দেশে অশান্তি সৃষ্টির অপচেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি   ২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড ডে মিল, খাবার পাবে ১ কোটি ১০ লাখ শিশু   ‘বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর ফিরতে পারবে না’: স্বরাষ্ট্রমন্ত্রী   বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পৌঁছালেন ১০৩ বাংলাদেশি কর্মী   হাসিনাকে ঘিরে বাংলাদেশ-ভারত সম্পর্কে অচলাবস্থা, দিল্লির সামনে কী বিকল্প?   
‘বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর ফিরতে পারবে না’: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৭:৫৬ পিএম   (ভিজিট : ১৬৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশে পতিত স্বৈরাচারী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক ঐক্য পুনর্গঠনের মাধ্যমে দেশে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুরে জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক ইসলাহী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ, নানা জাতিগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা একসঙ্গে বসবাস করছেন। সংখ্যায় কম বা বেশি হওয়া কোনো বিষয় নয়, সবাই এ দেশের সমান নাগরিক এবং বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী। নাগরিক অধিকার সবার জন্য সমান।

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ও অনুসারী হিসেবে মুসলমানরা তাঁর জীবনাচার, আদর্শ এবং পবিত্র কুরআন ও হাদিস অনুসরণ করে চলবেন। অন্য ধর্মের অনুসারীরা নিজ নিজ ধর্ম পালন করবেন, এটি তাঁদের ব্যক্তিগত বিষয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, খতমে নবুওয়াত সম্মেলনের মূল বক্তব্যও এসব বিষয়কে কেন্দ্র করে। এ সংক্রান্ত কিছু দাবি দীর্ঘদিন ধরে আলেমদের পক্ষ থেকে উত্থাপিত হয়ে আসছে। সরকার এসব দাবি আইনে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেবে। যেসব বিষয় বাস্তবায়ন সম্ভব, তা সবার সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে করা হবে।

দেশের বর্তমান স্থিতিশীল পরিবেশ নষ্ট করার অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গত ১৬ থেকে ১৭ বছর দেশ আলেমবিদ্বেষী ও ইসলামবিদ্বেষী স্বৈরাচারী শাসনের অধীনে ছিল। সে সময় জবরদস্তিমূলক শাসনব্যবস্থার কারণে বায়তুল মোকাররম মসজিদে মুসল্লিদের রক্ত ঝরেছে এবং আলেম-ওলামারা বৈষম্যের শিকার হয়েছেন। শাপলা চত্বরে রাতের অন্ধকারে শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী ও আলেমদের ওপর গুলি চালিয়ে হত্যার ঘটনাও ঘটেছে। এসব ঘটনার নিহতদের প্রকৃত সংখ্যা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। অনেককে পরিচয়হীন অবস্থায় দাফন করা হয়েছে।

তিনি আরও বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে নিহতদের ছবি, নাম, ঠিকানা ও পরিচয়সংবলিত একটি বই প্রকাশ করা হয়েছে। ওই অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। তবে এখনো অনেক নিহতের পরিচয়, দাফনের স্থানসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এসব ঘটনার বিচার নিশ্চিত করতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছিল এবং মামলা করা হয়েছে। সেই মামলার তদন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তদন্ত সম্পন্ন হলে বিচারপ্রক্রিয়া শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের বাইরে থেকে কিছু অপশক্তি বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তারা বিভিন্ন অনাচার ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে নাগরিক জীবন বিপর্যস্ত করার পরিকল্পনা করছে। তবে আইন মেনে, শান্তিপূর্ণভাবে ও ধৈর্যের সঙ্গে এসব পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

গার্মেন্টস শিল্পাঞ্চলে সাম্প্রতিক অস্থিরতার প্রসঙ্গে তিনি বলেন, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে উসকানি দিয়ে শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা হয়েছিল এবং সম্প্রতি সেই বোর্ড মজুরি ঘোষণা করেছে। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে তাঁদের দাবি আদায় করলেও কিছু দুষ্কৃতকারী এখনো শ্রমিকদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

তিনি বলেন, যারা বিভিন্ন স্থানে থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাড়িঘর ও দোকানপাটে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, তাদের শনাক্ত করা হয়েছে। এসব কর্মকাণ্ডে উসকানি দেওয়ার জন্য দেশের বাইরে থেকে অডিও-ভিডিও বার্তা পাঠানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে পতিত স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না। অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা অতীতেও তাদের কর্মকাণ্ডের অংশ ছিল, ভবিষ্যতেও এসব অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। দেশের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য, বিতর্ক ও গণতান্ত্রিক চর্চা থাকবে। সংসদেও বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিরোধ হবে। তবে গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষায় ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে। সেই ঐক্যের ভিত্তিতে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র গঠন, শান্তিশৃঙ্খলা ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

ইজতেমায় সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ মধুপুর পীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।

তিন দিনব্যাপী এ বার্ষিক আয়োজনে কয়েক হাজার ওলামা-কেরাম অংশ নেন। শুক্রবার ইজতেমার দ্বিতীয় দিনে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে ব্যাপক ভিড় দেখা যায়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]