শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: আলেম-ওলামা ও ছাত্র-জনতার ওপর নির্যাতন আর মেনে নেবে না দেশের মানুষ: ধর্ম প্রতিমন্ত্রী   ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, চার উপজেলায় সরাসরি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী   দেশে অশান্তি সৃষ্টির অপচেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি   ২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড ডে মিল, খাবার পাবে ১ কোটি ১০ লাখ শিশু   ‘বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর ফিরতে পারবে না’: স্বরাষ্ট্রমন্ত্রী   বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পৌঁছালেন ১০৩ বাংলাদেশি কর্মী   হাসিনাকে ঘিরে বাংলাদেশ-ভারত সম্পর্কে অচলাবস্থা, দিল্লির সামনে কী বিকল্প?   
বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পৌঁছালেন ১০৩ বাংলাদেশি কর্মী
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম   (ভিজিট : ১২৯)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘ আড়াই বছরের স্থবিরতা কাটিয়ে আবারও সচল হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে প্রথম ধাপে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি কর্মী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে ও শুক্রবার ভোরে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁদের স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।

প্রাথমিকভাবে নির্বাচিত ১১২ কর্মীর মধ্যে ১০৩ জন মালয়েশিয়ায় পৌঁছেছেন। বাকি ৯ জনের প্রয়োজনীয় কিছু নথিপত্র অসম্পূর্ণ থাকায় তাঁদের যাত্রা স্থগিত রয়েছে। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, নথিপত্রের কাজ সম্পন্ন হলে ওই ৯ জনও দ্রুত মালয়েশিয়া যাবেন।

বিমানবন্দরে কর্মীদের স্বাগত জানানোর অনুষ্ঠানে হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা, শ্রমবিষয়ক মিনিস্টার সিদ্দিকুর রহমান, শ্রম কাউন্সেলর সৈয়দ শরিফুল ইসলাম এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় হাইকমিশনার কর্মীদের অভিনন্দন জানিয়ে মালয়েশিয়ার আইন, সংস্কৃতি ও প্রচলিত রীতিনীতি মেনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে কর্মী পাঠানোর এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানানোর সময় কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় দেশটির সরকারকে ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ করে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। বিদেশে কর্মী পাঠানোর আগে সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর বিষয়েও উদ্যোগ নেওয়া হবে। কর্মীদের উদ্দেশে তিনি সুস্থ থাকার পাশাপাশি মালয়েশিয়ার আইন ও সংস্কৃতি মেনে সুনামের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ায় ১১২ জন কর্মী নির্বাচন করা হয়। নির্বাচিত কর্মীদের কাউকেই অভিবাসন ব্যয় বহন করতে হয়নি।

এই কর্মীরা মালয়েশিয়ার বহুজাতিক প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে মাসিক ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত মূল বেতনে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। তাঁদের আবাসন, চিকিৎসাসুবিধা ও অভিবাসনসংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগকর্তা।

প্রথম ধাপের পর আগামী ডিসেম্বর মাসে আরও ২২৫ জন কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল। এসব চাহিদার ভিত্তিতে পর্যায়ক্রমে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুন থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ ছিল। চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ২২ জুন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে শ্রমবাজার পুনরায় চালু ও কর্মী নিয়োগের বিষয়ে আলোচনা করেন তিনি। সেই কূটনৈতিক উদ্যোগের ধারাবাহিকতায় সরকারি ব্যবস্থাপনায় বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে।

ঢাকায় কর্মীদের বিদায় অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এবং ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক দেবর্ষি মজুমদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]