প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৮:০৯ পিএম (ভিজিট : ১৮১)

সংগৃহীত ছবি
আগামী ডিসেম্বর মাসে দেশের ২৬৮টি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে চারটি উপজেলায় সরাসরি উপস্থিত থেকে কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাকি ২৬৪টি উপজেলার অনুষ্ঠানে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থাকবেন।
সম্প্রতি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে ২৫ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠি অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সদর এবং ২১ ডিসেম্বর পাবনা সদর উপজেলায় একই কর্মসূচির আয়োজন করা হবে।
নির্ধারিত চারটি মূল অনুষ্ঠানস্থলের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের অন্যান্য উপজেলা যুক্ত থাকবে। এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার অনুষ্ঠানের সঙ্গে ৬৭টি, গাইবান্ধার গোবিন্দগঞ্জের সঙ্গে ৬৪টি, সুনামগঞ্জ সদরের সঙ্গে ৬৭টি এবং পাবনা সদরের সঙ্গে ৬৬টি উপজেলা যুক্ত হবে।
এভাবে চারটি মূল ভেন্যুসহ মোট ২৬৮টি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।
চিঠিতে সংশ্লিষ্ট ২৬৪টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং অনুষ্ঠান আয়োজনের সার্বিক প্রস্তুতি ও সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।