প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৮:২৫ পিএম (ভিজিট : ১৬৫)

আলেম-ওলামা ও ছাত্র-জনতার ওপর কোনো ধরনের নির্যাতন এ দেশের মানুষ আর সহ্য করবে না বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। তিনি বলেন, দাড়ি-টুপি দেখে মানুষকে জঙ্গি আখ্যা দিয়ে নির্যাতন চালানো অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তবে দেশের আলেম-ওলামা, শিক্ষার্থী ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের অপতৎপরতা প্রতিহত করবে।
শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রামের পটিয়ার ঐতিহ্যবাহী আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদ্রাসার ৮৭তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় হেফাজতে ইসলামের আন্দোলনে পটিয়া মাদ্রাসার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ওই সময় এ মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। একইভাবে ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানেও মাদ্রাসাটির শিক্ষক-শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অবদান ও ত্যাগ রয়েছে। তাঁদের অনেকে চোখ হারিয়েছেন।
পটিয়া মাদ্রাসার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রায় ৮৮ বছরের ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠান বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। মুক্তিযুদ্ধের সময় এ মাদ্রাসায় বোমা হামলার ঘটনাও ঘটেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গেও প্রতিষ্ঠানটির ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার একটি ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে। সবার সম্মিলিত সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে দেশকে বর্তমান সংকট থেকে উত্তরণ করা সম্ভব হবে।