প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:১৯ পিএম (ভিজিট : ১২৩)

সংগৃহীত ছবি
রাজধানীর অদূরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে তেঁতুলঝড়া ইউনিয়নের জোরপুল এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারগামী লেনে পার্কিং করা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেখতে পান পথচারীরা। পরে তারা সাভার ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সাভার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, পার্কিং করে রাখা বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি।