প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:৩৮ পিএম (ভিজিট : ৮৯)

সংগৃহীত ছবি
খুলনা নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির জেরে বন্ধ হয়ে যাওয়া ‘চয়নিকা’ ফার্মেসিতে আবারও হামলার ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন ফার্মেসির মালিক এ বি এম দৌলতুজ্জামানের ছেলে জারিফুজ্জামান জারিফ। ঘটনার পর আতঙ্কে ফার্মেসিটি আবার বন্ধ করে দেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফার্মেসির ভেতরে এ গুলির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে ফার্মেসিটির ম্যানেজারের কাছে ২০ লাখ টাকা নগদ এবং ১০টি মোটরসাইকেল চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। দাবি পূরণ না করলে ফার্মেসির মালিককে হত্যার হুমকিও দেওয়া হয়। এ পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় প্রতিষ্ঠানটি বন্ধ করে দেন মালিক।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোরকা পরা এক ব্যক্তি ফার্মেসির সামনে আসেন। কিছুক্ষণ পর সেখানে একটি মোটরসাইকেল এসে দাঁড়ায়। একপর্যায়ে বোরকা পরা ওই ব্যক্তি অস্ত্র বের করে ফার্মেসির ভেতরে গুলি ছোড়েন। পরে মোটরসাইকেলে উঠে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
গুলিতে জারিফুজ্জামান জারিফ রক্তাক্ত অবস্থায় আহত হন। প্রথমে তাকে পাশের একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় সূত্র জানায়, চাঁদার দাবিতে হুমকির পর গত ২৮ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ফার্মেসিটি বন্ধ ছিল। এ অবস্থায় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে তিন দিনের সময়সীমা বেঁধে দেয়। পরে পুলিশের আশ্বাসে ১৪ নভেম্বর রাতে পুলিশি পাহারায় ফার্মেসিটি আবার চালু করা হয়। পুনরায় চালুর মাত্র ১৩ দিনের মাথায় সেখানে গুলির ঘটনা ঘটল।
জানা গেছে, অন্যান্য দিনের মতো শুক্রবারও ফার্মেসিটিতে পুলিশি পাহারার ব্যবস্থা ছিল। তবে হামলার সময় সেখানে কোনো পুলিশ সদস্য উপস্থিত ছিলেন না।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা ফার্মেসির সামনে এসে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে ফার্মেসির মালিকের ছেলে জারিফুজ্জামান জারিফের ডান পায়ের উরুতে গুলি লাগে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।