প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:২৭ পিএম (ভিজিট : ১১১)

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উপজেলায় মাদকবিরোধী অভিযান ও বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তারে বিশেষ অভিযান চালিয়েছে সোনারগাঁ থানা পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী এ অভিযানে পরিচালনা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুইজন, মাদকসেবনের অভিযোগে ১৬ জন এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুইজন রয়েছেন। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দুইজন হলেন- জোয়ারদী এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে মো. রায়হান (২২) এবং বেলপাড়া এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে মো. হৃদয় (২২)। তাঁদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকসেবনের অভিযোগে আরও ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সিলেট, কুমিল্লা, গাইবান্ধা, নেত্রকোনা ও বরিশালসহ বিভিন্ন জেলার বাসিন্দাও রয়েছেন। অভিযানের অংশ হিসেবে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন- রহমতপুর গ্রামের আমির হোসেনের ছেলে মোহসিন মিয়া এবং দরপত ঠোটালিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. হাবিবুর রহমান। পুলিশের দাবি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, মাদক নির্ম‚ল ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে। অপরাধে জড়িত ব্যক্তি এবং মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।