প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১২:৫৪ পিএম (ভিজিট : ১০২)

ফাইল ছবি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে তাকে ইসলামাবাদের আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
সুপ্রিম কোর্টের নির্দেশে বৃহস্পতিবার রাতে ইমরান খানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার স্বাস্থ্য পরীক্ষা করে। মেডিকেল পরীক্ষায় তাকে চিকিৎসাগতভাবে সুস্থ বা ‘মেডিক্যালি ফিট’ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।
চিকিৎসক দলের মধ্যে হৃদরোগ ও চক্ষু বিশেষজ্ঞসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক ছিলেন। ইমরান খানের স্বাস্থ্য, বিশেষ করে দৃষ্টিশক্তি নিয়ে তার পরিবার ও দলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে উদ্বেগ জানানো হচ্ছিল। এ পরিস্থিতিতে তার বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সুপ্রিম কোর্ট হাসপাতাল স্থানান্তরের নির্দেশ দিয়েছিল।
তবে হাসপাতালে দীর্ঘ সময় রেখে চিকিৎসা দেওয়ার প্রত্যাশা করেছিল ইমরান খানের দল পিটিআই। পরীক্ষা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে ফের কারাগারে পাঠানোয় দলটির মধ্যে হতাশা তৈরি হয়েছে।
২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি রয়েছেন ৭৩ বছর বয়সী ইমরান খান। বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত এই সাবেক প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে করা মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন। পাকিস্তান সরকার অবশ্য এ অভিযোগ অস্বীকার করে আসছে।