প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৩:৩৯ পিএম (ভিজিট : ১১৭)

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে (জিয়া উদ্যান) গিয়ে তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
কবর জিয়ারতের সময় মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির দলীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও নবনির্বাচিত রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ইউনুস আলী উপস্থিত ছিলেন। এ সময় কবর প্রাঙ্গণের বাইরে উপস্থিত দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। পরে নির্বাচন কমিশন তাকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করে।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। শপথ অনুষ্ঠানে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং সামরিক-বেসামরিক প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে।
শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন দীর্ঘদিন বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।